আজ থেকে 'ঢাকা লিট ফেস্ট'
আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ঢাকা লিট ফেস্ট’। ‘হে ফেস্টিভ্যাল’ নামে এই আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ঢাকায় শুরু হয়েছিল ২০১১ সালে। এবার নাম বদল করে পঞ্চমবারের মতো ঢাকার বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব।
সকাল ১০টায় একাডেমির মূল মঞ্চে শুরু হবে শিল্পী আরমিন মুসার নেতৃত্বে সংগীতানুষ্ঠান ‘ঘাসফড়িংয়ের কয়্যার’। এখানেই বেলা ১১টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বক্তব্য দেবেন ভারতীয় লেখক ও রাজনীতিবিদ নয়নতারা সেহগাল। দুপুর ১২টায় কাজী আনিস আহমেদের পরিচালনায় ব্রিটিশ সাংবাদিক জন স্নো, ভারতীয় শিক্ষাবিদ রামচন্দ্র গুহ এবং নারীবাদী সংগঠন ওয়াওয়ের প্রতিষ্ঠাতা জুড কেলি মূল মঞ্চে বসবেন ‘দ্য ওয়ার্ল্ড ইজ রাউন্ড’ প্যানেল নিয়ে।
এরপর সারা দিন বাংলা একাডেমির মোট সাতটি ভেন্যুতে থাকবে বিভিন্ন আলোচনা। এ ছাড়া দিনব্যাপী রয়েছে কবিতা পাঠ, বইয়ের মোড়ক উন্মোচন, নৃত্যায়োজনসহ আরও অনেক আয়োজন।