আজ দলীয় অবস্থান জানাবে বিএনপি
হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীর ১৬৪ ধারায় জবানবন্দি এবং কর্নেল তাহেরের রায় নিয়ে আজ বৃহস্পতিবার দলীয় অবস্থান জানাবে বিএনপি।গতকাল বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।সম্প্রতি কর্নেল তাহেরের গোপন বিচার ও দণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রায়ে বিএনপির নেতা মওদুদ আহমদের একটি বইয়ের উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে। ওই রায়ে সঠিকভাবে রেফারেন্স দেওয়া হয়নি বলে বিএনপি মনে করে। এ ব্যাপারে দলের পক্ষ থেকে আজ সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।বিএনপি বলছে, হেফাজতের কর্মসূচির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। রাজধানীতে এক মাস সভা-সমাবেশ নিষিদ্ধ করাকে অগণতান্ত্রিক সিদ্ধান্ত মনে করে বিএনপি। গতকালের বৈঠকে হরতাল কর্মসূচি দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। তবে তারিখ জানানো হয়নি।আগামী মাসের শুরুতে সারা দেশে বিএনপি গণসংযোগ কর্মসূচি পালন করবে। খালেদা জিয়া ওই সব গণসংযোগে যাবেন কি না, তা পরে সিদ্ধান্ত হবে।বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাত সোয়া নয়টার দিকে এ বৈঠক শুরু হয়। শেষ হয় রাত ১২টার দিকে। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া প্রমুখ।