আজ দায়িত্ব নিচ্ছেন নতুন মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আহসান হাবিব আজ মঙ্গলবার দায়িত্ব বুঝে নেবেন। দায়িত্ব নেওয়ার পর তিনি সবার আগে নগরের জলাবদ্ধতা সমস্যার সমাধান ও সড়ক সংস্কারের উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। তিনি সম্প্রতি এ কথা জানান।
আহসান হাবিব প্রথম আলোকে বলেন, ‘বরিশাল নগরের প্রধান সমস্যা জলাবদ্ধতা। আমি এখনো দায়িত্ব পাইনি। দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ হবে জলাবদ্ধতা দূর করা। এর সঙ্গে নগরের খালগুলো পুনরুদ্ধার ও সড়ক সংস্কারের বিষয়গুলো অগ্রাধিকার পাবে।’
নগরের কয়েকজন বাসিন্দা জানান, নির্বাচনের আগে আহসান হাবিব নগরের জলাবদ্ধতা নিরসন, খাল পুনরুদ্ধার ও বর্ধিত অঞ্চলের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি তিনি রক্ষা করবেন বলে নগরবাসী আশা করছে। তিনি নগরবাসীকে বঞ্চিত করলে আগামী নির্বাচনে জনগণ এর জবাব দেবে। বরিশাল সনাকের সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, নগরবাসীকে বোকা বানানোর চেষ্টা করলে জনগণ আগামী নির্বাচনে গত নির্বাচনের মতো ফল পাল্টে দেবে।