আজ দিনটি হাতের লেখার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দর হাতের লেখার প্রশংসা সর্বত্র। এতে কোনো সন্দেহ নেই। খারাপ হাতের লেখার প্রতি সবার ভ্রুকুটি, বিরক্তির দৃষ্টিপাত। এমনকি কখনো কখনো তা লেখা ছাড়িয়ে লেখকের প্রতিও প্রসারিত হতে পারে। তাই হাতের লেখা খারাপ হলে নিজেরই এক রকম সংকোচবোধ থাকে। তা কাটিয়ে ওঠার চেষ্টাও থাকে অনেকের। আজ সেই চেষ্টার প্রেরণা দেওয়ার মতোই একটি দিন ‘হাতের লেখা দিবস’।

হাতের লেখা দিবস পালনের ধারণা ও প্রচলন যুক্তরাষ্ট্রে। সেখানে প্রতিবছর ২৩ জানুয়ারি জাতীয় হাতের লেখা দিবস পালিত হয়। রাইটিং ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন (ডব্লিউআইএমএ) দিবসটি পালনের উদ্যোক্তা। ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের মুক্তির সনদে স্বাক্ষর করেছিলেন জন হ্যানকক। খুবই চমৎকার ছিল তাঁর দীর্ঘ স্বাক্ষর। সে কারণেও হ্যানককের স্বাক্ষর খুব বিখ্যাত। তাঁর জন্মদিন ২৩ জানুয়ারিকেই লেখা দিবস হিসেবে উদ্যোক্তারা বেছে নিয়েছিলেন। দিবসটি পালনের উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে হাতের লেখার গুরুত্ব তুলে ধরা এবং লিখতে আগ্রহী করে তোলা।

মানুষ লেখালেখি তো করেছে ছয় হাজার বছর আগে থেকে। ফিনিশীয় লিপি, মেসোপটেমিয়ায় সুমেরীয়দের ‘কিলক লিপি’ এবং মিসরীয়দের ছবির প্রতীক দিয়ে হায়ারোগ্লিফিক লিপিতেই ভাব প্রকাশ ও সংরক্ষণের কাজ চালানো হতো। ক্রমান্বয়ে এল বর্ণমালা। সে এক বিস্তর বিবর্তনের জটিল ইতিহাস। তবে হাল আমলে হাতের লেখার প্রতি আর আগের মতো একচ্ছত্র নির্ভরতা নেই। কাগজে কলম-পেনসিল ঘষাঘষি করা অনেকটাই এখন সেকেলে বিষয়ে পর্যবসিত, দিনে দিনে তা আরও বাড়ছে। কাগজ-কলমের জায়গায় টাইপরাইটার। তারপর কম্পিউটারের কি-বোর্ড, সেলফোনের পর্দায় মৃদু স্পর্শ। এখন তো আরও সহজ পদ্ধতি—সেলফোনটির সামনে মুখে বললেই লেখা হয়ে যাচ্ছে। মূলত হাতে লেখার চল কমতে থাকায় লেখালেখির সামগ্রী উৎপাদকেরা তাদের ব্যবসায় লালবাতি জ্বলে যাওয়ার আশঙ্কা করেই লোকজনকে হাতের লেখায় ফেরানোর তাগিদ বোধ করে এ লেখা দিবসের প্রচলন করেছিলেন।

প্রযুক্তি যতই উন্নত ও আধুনিক হোক, হাতের লেখা বিলুপ্ত হওয়ার আশঙ্কা নেই। অন্তত অদূর ভবিষ্যতে যে নেই, সে বিষয়ে এইচ এম জারীফ পুরোপুরি নিঃসন্দেহ। তিনি ‘থ্রি ফিঙ্গার্স হ্যান্ডরাইটিং একাডেমি’র অধ্যক্ষ এবং বাংলাদেশ শিশু একাডেমির ‘হস্তলেখা’ বিভাগের সাবেক প্রধান প্রশিক্ষক ও প্রতিষ্ঠাতা। ৩১ বছর ধরে তিনি প্রাতিষ্ঠানিকভাবে শিশু থেকে বয়স্ক সবাইকে সুন্দর হাতের লেখার প্রশিক্ষণ দিচ্ছেন। ঢাকায় আটটিসহ সারা দেশে তাঁর সুন্দর হাতের লেখা শেখানোর একাডেমির শাখা রয়েছে ২২টি। তিনি বললেন, হাতের লেখার প্রয়োজনীয়তা ফুরোবে না। পেশাগত ক্ষেত্রে হয়তো কমবে, কিন্তু শিক্ষাক্ষেত্রে হাতের লেখার আবশ্যকতা থাকবেই।

একই কথা বললেন সিদ্ধেশ্বরী এলাকায় ‘সুন্দর হাতের লেখা’ নামের লেখা শেখানোর প্রতিষ্ঠানের পরিচালক রিয়াজ হোসেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেল, রাজধানীতে আটটির মতো এ ধরনের প্রতিষ্ঠান রয়েছে। তবে অনেকে ব্যক্তিগতভাবে প্রশিক্ষণ দেন।

অনেক কিন্ডারগার্টেন স্কুল বা কোচিং সেন্টারেও আলাদা করে সুন্দর হাতের লেখা শেখানো হয়। করোনাকালে এসব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এসব প্রতিষ্ঠানে সাধারণত সপ্তাহে দুদিন করে প্রশিক্ষণ দেওয়া হয়, তিন থেকে চার মাসের মেয়াদে। সব মিলিয়ে প্রত্যেকের খরচ হয় দুই থেকে চার হাজার টাকা পর্যন্ত। দ্বিতীয় থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের সংখ্যাই বেশি। তবে নানা বয়সের বিভিন্ন পেশার লোকও আসেন তাঁদের হাতের লেখার মান উন্নত করতে। তাঁদের জন্য রয়েছে আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা। এ ছাড়া শিশু একাডেমিতেও স্বল্প খরচে স্কুলশিক্ষার্থীদের জন্য এক বছরের একটি সুন্দর হাতের লেখার কোর্স রয়েছে।

কর্মসূচি

হাতের লেখা সুন্দর করে তুলতে আগ্রহ সৃষ্টিতে ঢাকায় ইতিমধ্যে একটি সংগঠন প্রাথমিক কার্যক্রম শুরু করেছে। ‘হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ নামের এ সংগঠনের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক খোরশেদ আলম ভূঁইয়া। সেই ১৯৭৪ সালের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের যে মূল শিক্ষাসনদ হাতে পেয়েছেন, তাতে মুক্তোর দানার মতো যে হস্তাক্ষর রয়েছে, সেটি খোরশেদ আলম ভূঁইয়ার। তিনি জানালেন, ‘বিশ্ব হাতের লেখা দিবস’ উপলক্ষে আজ শনিবার তাঁরা সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও আলোচনার আয়োজন করেছেন। দিবসটি সম্পর্কে অধিকাংশ মানুষই বিশেষ কিছু জানে না। এ বিষয়ে সবাইকে জানানো এবং হাতের লেখার গুরুত্ব তুলে ধরতেই এবার প্রথমবারের মতো দেশে এই দিবসটি পালনের উদ্যোগ নিয়েছেন।

লেখা সুন্দর করার কিছু উপায়
হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাতের লেখা সুন্দর করতে যেসব দিকে নজর দিতে বলছে—
# প্রতিটি বর্ণ সুন্দর করে লেখা
# প্রতিটি বর্ণের আকার সমান হওয়া
# পাশাপাশি শব্দ ও বাক্যের দূরত্ব সমান হওয়া
# দুই লাইনের মধ্যে দূরত্ব সমান হওয়া
# লাইন সোজা রাখার জন্য পুরো পৃষ্ঠার দিকে সমান দৃষ্টি রাখা
# শক্ত নয়, কলম হালকা করে আধা ইঞ্চি ওপরে ধরা
# পৃষ্ঠা থেকে চোখের দূরত্ব ৬ ইঞ্চি থেকে ১ ফুট রাখা
# শুরু থেকে শেষ পর্যন্ত সমান গতিতে লেখা
# হাতের লেখা সুন্দর এমন কাউকে অনুসরণ করা বা প্রশিক্ষণ নেওয়া