ফেনী সদর উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ফলাফল প্রকাশ এবং স্থগিত ছয় ইউপির নির্বাচনের নতুন তারিখ আজ সোমবারের মধ্যে ঘোষণার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সমর্থক আটজন চেয়ারম্যান পদপ্রার্থী। অন্যথায় কাল মঙ্গলবার মহাসড়ক ও রেলপথ অবরোধ করা হবে।গতকাল রোববার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার আগে আট চেয়ারম্যান পদপ্রার্থী কর্মী-সমর্থকদের সামনে সময়সীমা বেঁধে দিয়ে এ হুমকি দেন। তাঁরা দুটি ইউপির ভোট গণনা বাতিল এবং ছয়টির ভোট গ্রহণ স্থগিতের জন্য সরাসরি ইউএনওকে দায়ী করে তাঁর প্রত্যাহার দাবি করেন।স্থগিত ছয় ইউপি হচ্ছে ধর্মপুর, শর্শদি, পাঁচগাছিয়া, বালিগাঁও, কালীদহ ও কাজিরবাগ। এ ছাড়া মোটবী ও ফাজিলপুর ইউপির ভোট বাতিল করা হয়।ইউএনওকে স্মারকলিপি দেওয়ার আগেও উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান, দলের সদর উপজেলা সভাপতি ছনুয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান করিম উল্লাহ, স্থগিত ছয় ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আজাহারুল হক, আবুল হাসেম, মাহবুবল হক, জিয়াউল হাসান চৌধুরী, দিদারুল ইসলাম ও আবদুর রহমান এবং ভোট গণনা স্থগিত হওয়া দুই চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ ও মজিবুল হক।সমাবেশে শেষে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনার বরাবর দুটি স্মারকলিপি ইউএনও মো. জহিরুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়। তিনি স্মারকলিপি নির্বাচন কমিশনে পাঠানোর আশ্বাস দেন।স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ‘নির্বাচনের দিন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তা সত্ত্বেও নির্বাচনের মাত্র ৪৮ ঘণ্টা আগে অজ্ঞাত কারণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ছয় ইউপির নির্বাচন স্থগিত করা হয়। এতে প্রার্থীরা আর্থিক, মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন।’আরেক স্মারকলিপিতে দাবি করা হয়, ‘১৬ জুন সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণ ভোট হয়। কোনো প্রার্থী বা কোনো প্রিসাইডিং কর্মকর্তা লিখিত বা মৌখিক আপত্তি করেননি। বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট গণনা শুরু হওয়ার পর নির্বাচন কমিশনের বরাত দিয়ে মুঠোফোনের মাধ্যমে ভোট গণনা ও ফলাফল স্থগিত করে দেওয়া হয়েছে।’দলীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে ফেনী সদর উপজেলার আটটি ইউনিয়ন থেকে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীদের কর্মী-সমর্থকেরা বিভিন্ন যানবাহনের মাধ্যমে শহরের ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে সমবেত হন। সেখান থেকে তাঁরা দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ইউএনও কার্যালয়ের সামনে জড়ো হন।১৬ জুন সদর উপজেলার ছয়টি ইউপির নির্বাচন হয়। বিকেল পৌনে চারটার দিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন না হওয়ায় মোটবী ও ফাজিলপুর ইউপির ভোট বাতিল করা হয়। একই দিন সন্ধ্যায় আরেক ফ্যাক্স বার্তায় ‘অনিবার্য কারণবশত’ উল্লেখ করে ফেনী সদর উপজেলায় ১৯ জুনের ছয়টি ইউপি নির্বাচনও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করে নির্বাচন কমিশন।