আজ দুই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
আজ শনিবার সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। এই ক্যাম্পেইনের আওতায় দুই থেকে পাঁচ বছর বয়সী এক কোটি ৭০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক বড়ি এবং এক থেকে দুই বছরের ৩০ লাখেরও বেশি শিশুকে শুধু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।গতকাল শুক্রবার মহাখালীর বিসিপিএস মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এসব তথ্য জানান। তিনি বলেন, সারা দেশের এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রের পাশাপাশি আরও ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রে এ কার্যক্রম চলবে। এ কর্মসূচি সফল করতে মাঠপর্যায়ে নিয়োজিত স্বাস্থ্যকর্মী ও পরিবার পরিকল্পনা-কর্মী ছাড়াও প্রতিটি কেন্দ্রে তিনজন করে মোট চার লাখ ২০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন।যেসব শিশুকে কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে, তাদের টিকাদানকেন্দ্রে আনার আগে অবশ্যই কিছু খাইয়ে আনার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কারণ, খালি পেটে কৃমিনাশক বড়ি খাওয়ানো হলে শিশুর কিছুটা সমস্যা হতে পারে।স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই ভিটামিন কেবল রাতকানা ও অন্ধত্বই প্রতিরোধ করে না, শিশুমৃত্যুর হার এবং ঝুঁকিও ২৩-৩৪ শতাংশ কমিয়ে দেয়। এ ছাড়া হাম, ডায়রিয়া, হাম-পরবর্তী নিউমোনিয়ার জটিলতা ও স্থায়িত্ব কমাতে এটি প্রতিষেধক হিসেবে কাজ করে। তাই এবারের কর্মসূচির স্লোগান নির্ধারণ করা হয়েছে, ‘শিশুকে ভিটামিন-এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’।সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশে এই ভিটামিনের অভাবে রাতকানা রোগের ওপর ১৯৭৩ সালে পরিচালিত জরিপে দেখা যায়, ছয় মাস থেকে ছয় বছর বয়সী শিশুদের মধ্যে এর হার ছিল ৩ দশমিক ৭৬ শতাংশ। এর পর থেকে রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধে ওই বয়সী শিশুদের বছরে দুবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়। এর ফলে রাতকানা ও অন্ধত্বের হার কমে আসে।১৯৯৫ সাল থেকে এক হতে পাঁচ বছর বয়সী শিশুদের কেন্দ্রে এনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়। ২০০৪ সাল থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের সঙ্গে দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের কৃমিনাশক বড়ি খাওয়ানোর মাধ্যমে এ কার্যক্রম পালন করা হচ্ছে। ২০০৫ সালের জরিপ অনুযায়ী দেশে রাতকানার হার ০ দশমিক ০৪ শতাংশে দাঁড়িয়েছে।