আজ দুটি ইউনিটের ভর্তি পরীক্ষা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ রোববার থেকে শুরু হচ্ছে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষার প্রথম দিনে আজ ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্যরা বলেন, এ বছর বিশ্ববিদ্যালয়ের আটটি ইউনিটের অধীনে ২৫টি বিভাগের মোট ১ হাজার ৬৯৫টি আসনের জন্য শিক্ষার্থীরা লড়বেন। আজ সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রথম পালায় ধর্মতত্ত্ব অনুষদের অধীন ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট তিন পালায় কলা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে। এ ছাড়া ১৬ নভেম্বর আইন অনুষদের ‘এইচ’ ইউনিট এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান বলেন, ভর্তি পরীক্ষার সময় জালিয়াতি রোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ক্যাম্পাসে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সব কটি পরীক্ষাকেন্দ্রের প্রবেশদ্বারে দুটি করে সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা বসানো হয়েছে। এ ছাড়া পরীক্ষাকেন্দ্রে ডিজিটাল জালিয়াতি রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।