আজ দুটি ইউপির চেয়ারম্যান পদে উপনির্বাচন
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ও গাইবান্ধা সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচন আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে।
দামোদরপুর ইউপির চেয়ারম্যান আবদুল করিম ও লক্ষ্মীপুর ইউপির চেয়ারম্যান সাইদুর রহমান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পদ দুটি শূন্য হয়।
নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন। তাঁরা হলেন আবদুস সালাম, আবুল কালাম আজাদ, মোখলেছুর রহমান, আবদুল লতিফ, ইমদাদুল হক, মোস্তাফিজুর রহমান, ময়নাল হক ও গোলাম আজম। এই ইউনিয়নে মোট ভোটার ২৩ হাজার ৩৩০ জন।
দামোদরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন মনোয়ারুল হাসান, সাজেদুল ইসলাম, নুরুন্নবী আকন্দ, আবদুল হামিদ, সোহরাব হোসেন, আলমগীর হোসেন ও হাসমত আলী। এই ইউনিয়নে মোট ১৮ হাজার ১৩৬ জন ভোটারের মধ্যে নারী নয় হাজার ২২৪ জন এবং পুরুষ আট হাজার ৯১২ জন।