আজ দুদকের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাখো মানুষ নিয়ে দুর্নীতিবিরোধী মানববন্ধন করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৬৪ জেলায় এই মানববন্ধন হবে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, সমাজে সততা ও নিষ্ঠাবোধ তৈরি এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ার লক্ষ্যে সংস্থার প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, মানববন্ধনে দেশের প্রায় ২২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে দুদক গঠিত সততা সংঘের সদস্য, শিক্ষার্থী (নবম ও দশম শ্রেণির), শিক্ষক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। দুদক সূত্র জানায়, কেন্দ্রীয়ভাবে রাজধানীর উত্তরা থেকে ফার্মগেট-বাংলামোটর-শাহবাগ-মত্স্য ভবন-কাকরাইল মোড়-বিজয়নগর হয়ে প্রেসক্লাব পর্যন্ত মানববন্ধন হবে। নিজস্ব প্রতিবেদক।