এভারেস্টজয়ী দ্বিতীয় বাংলাদেশি মোহাম্মদ আবদুল মুহিত (৪১) আজ শনিবার দেশে ফিরবেন। গতকাল শুক্রবার তাঁকে সংবর্ধনা দিয়েছে নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সংবর্ধনা অনুষ্ঠানে মুহিত ছাড়াও তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, গতকাল বিকেল চারটার দিকে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। প্রথমে মুহিতকে ফুল দিয়ে সংবর্ধনা জানান নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নিমচন্দ্র ভৌমিক। তিনি বলেন, ‘আমাদের দেশের তরুণেরা এখন অনেক কিছু করছে। তারা এখন এভারেস্ট জয় করে বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরছে। এই তরুণেরা বাংলাদেশের গর্ব। তাদের পথ ধরে ভবিষ্যতে আরও অনেকেই এভারেস্ট জয়ের অভিযানে বেরুবে। এভাবেই তারা বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে।’ অনুষ্ঠানে মুহিত তাঁর এভারেস্ট জয় ও পরবর্তী অনুভূতি ব্যক্ত করেন। অভিযানের অভিজ্ঞতা বর্ণনা করেন তিনি।এ সময় রাষ্ট্রদূত ছাড়াও বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেনিং ক্লাবের (বিএমটিসি) সভাপতি ইনাম আল হক, মুহিতের ছোট ভাই ও এক মামা উপস্থিত ছিলেন। এম এ মুহিত গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দূতাবাসের সংবর্ধনা অনুষ্ঠান বিকেল সাড়ে পাঁচটায় শেষ হয়। অনুষ্ঠানে তিনি এভারেস্ট জয়ের অভিজ্ঞতা সবাইকে শুনিয়েছেন। মুহিত বলেন, আজ শনিবার তিনি এভারেস্ট সামিটার রেস্টুরেন্ট রাম ডুডলে যাবেন। ওখানে রাখা স্বাক্ষর বোর্ডে এভারেস্ট বিজয়ী হিসেবে সই করবেন। পরে বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশের উদ্দেশে নেপাল ত্যাগ করবেন। এ পর্যন্ত যাঁরা এভারেস্ট জয় করেছেন, তাঁদের সবাই ওই স্বাক্ষর বোর্ডে সই করেছেন। মুহিত বিএমটিসির সদস্য। গতকাল ওই ক্লাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার বিকেলে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে দেশে ফিরবেন মুহিত। ২৬ মে ক্লাবের এক সাধারণ সভায় মুহিতকে বিএমটিসির সভাপতি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গত বছরের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম। এ বছরের ২১ মে এভারেস্ট জয় করলেন মুহিত।