আজ দেশে ফিরবেন নিশাত ও মুহিত
এভারেস্ট জয়ের পর আজ দেশের মাটিতে পা রাখছেন বাংলাদেশের এভারেস্টজয়ী প্রথম নারী নিশাত মজুমদার। সঙ্গে থাকবেন পর পর দুবার এভারেস্টজয়ী এম এ মুহিত ও মিংমা গ্যালজে শেরপা। গতকাল শনিবার তাঁরা এ তথ্য জানান।নিশাত মজুমদার বলেন, ‘প্রায় দুই মাস হলো দেশকে দেখি না। এভারেস্ট বিজয়ের পর থেকেই অপেক্ষায় আছি, কখন দেশে যাব।’আজ সকালে নেপালের পর্যটন মন্ত্রণালয়ের কাছ থেকে এভারেস্ট জয়ের সনদ সংগ্রহ করবেন তাঁরা। এরপর দুপুর ১২টার বিমান বাংলাদেশে এয়ারলাইনসের বিজি ৭০২-এ করে তাঁরা ঢাকায় ফিরবেন।নিশাতের মতো এম এ মুহিতও ঘরে ফেরার জন্য উদ্গ্রীব। বললেন, ‘কত দিন মায়ের হাতের রান্না খাই না। বেলে মাছ, ছোট মাছ খেতে মন চাইছে। তাই তো তাড়াহুড়া করে নেপালের কাজগুলো শেষ করতে হলো। নেপালে শনিবার সাপ্তাহিক ছুটি। তাই রোববার সকালে সনদ নিতে হচ্ছে।’এদিকে বাংলাদেশের এভারেস্টজয়ী অপর নারী ওয়াসফিয়া নাজরীনের আজ সকালে কাঠমান্ডু আসার কথা। মুঠোফোনে তিনি জানান, ‘লুকলাতে ১ জুন এসে পৌঁছেছি। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে কাঠমান্ডু যেতে পারছি না। সব ঠিক থাকলে সকালে রওনা দেব কাঠমান্ডুর উদ্দেশে।’