আজ দোয়া দিবস, রোববার বিক্ষোভ কর্মসূচি জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটির পরপর গত মঙ্গল ও বুধবার সারা দেশে ৪৮ ঘণ্টার লাগাতার হরতাল শেষে দুই দিনের নতুন কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। এই কর্মসূচি হলো আজ শুক্রবার দোয়া দিবস ও ১৮ আগস্ট রোববার সারা দেশে বিক্ষোভ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ কর্মসূচির ঘোষণা দেন। এই কর্মসূচি সফল করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। জামায়াত ও ইসলামী ছাত্রশিবির দাবি করেছে, ৪৮ ঘণ্টার হরতালের শেষ দিনে বুধবার রাজধানীতে ছাত্রশিবিরের নেতা খলিলুর রহমান পুলিশের গুলিতে নিহত এবং মেহেরপুরে জামায়াতের কর্মী মো. সোলায়মান গুরুতর আহত হয়ে গতকাল মারা যান। বিবৃতিতে ‘ওই হত্যাকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে এবং দলের শীর্ষস্থানীয় নেতাদের অবিলম্বে মুক্তি প্রদান, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, জামায়াতকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র বন্ধ করে সরকারের পদত্যাগের দাবিতে’ এ কর্মসূচি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বিবৃতিতে বলেন, গণগ্রেপ্তার, হত্যা, সন্ত্রাস ও নির্যাতন চালিয়ে সরকার দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ চাঁদাবাজি ও টেন্ডারবাজি করে আখের গোছাতে ব্যস্ত। তাদের সঙ্গে সঙ্গে পুলিশ এবং র‌্যাবও চাঁদাবাজি ও ঘুষ-বাণিজ্যে ব্যস্ত। পৃথক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ হরতাল চলাকালে ‘পুলিশের গুলিতে’ মেহেরপুর সদর উপজেলার জামায়াতের কর্মী মো. সোলায়মানের মৃত্যুতে শোক প্রকাশ করেন। তিনি বলেন, সরকার অন্যায়ভাবে ক্ষমতায় থাকার হীন উদ্দেশ্যে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করছে।