আজ দ্বার খুলবে বেলা ১১টায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলা একাডেমির বিপরীতে সোহরাওয়ার্দী উদ্যানের গেট দিয়ে সোজা না ঢুকে বাঁয়ে হাঁটি। সময় প্রকাশনের স্টল ছেড়ে আরেকটু এগিয়ে মিলল সুন্দর, বর্ণিল একটি স্টল। প্রথমা প্রকাশনের এই স্টলের কাছাকাছি একটি দৃশ্যে জুড়িয়ে গেল চোখ ও মন।
এক ভদ্রলোক বসে আছেন হুইলচেয়ারে। কাছে গিয়ে জিজ্ঞেস করি তাঁর নাম। সাইফুল ইসলাম। এসেছেন মালিবাগ চৌধুরীপাড়া থেকে। বললেন, ‘বইয়ের মাঝখানে আর মানুষের মাঝখানে থাকার আনন্দই আলাদা। হাঁটতে পারি না বলে বইমেলায় আসব না?’
তাঁকে যত্নে হুইলচেয়ারে বসিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরই মেয়ে ফারিবা ইসলাম। ‘বেশি ভিড়ের মধ্যে না গিয়ে বাবাকে নিয়ে এখানে এসেছি। এই পাশটা মসৃণ পথ। এদিক-ওদিক হাঁটার ঝুটঝামেলা নেই। তা ছাড়া প্রথমা প্রকাশনে বাবার পছন্দের বইগুলো মিলছে।’ বললেন ফারিবা।
বইমেলা এমনই সব উজ্জ্বল আলোয় দিনে দিনে আরও আলোকিত হচ্ছে। যত দিন যাচ্ছে, বাড়ছে ভিড়। বাড়ছে বিক্রি। এরই মাঝখানে প্রতিদিন প্রকাশিত হয়েছে নতুন বই। কোথাও আবার পুরোনো দুষ্প্রাপ্য বইয়ের উজ্জ্বল উপস্থিতি।
প্রকাশকেরা আশা করছেন, আজ শুক্রবার মেলার আলো আরও উজ্জ্বল হবে। কেননা, আজ সাপ্তাহিক ছুটির দিন। আজ মেলার দ্বার খুলবে বেলা ১১টায়। চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। দিনের শুরুতে বড়দের হাত ধরে শিশুরা আসবে মেলায়। ঘুরবে, বই দেখবে, কেনার বায়না করবে।
যে বইটি পড়া হয়নি, সেটাই নতুন বই
একটা সোজাসাপ্টা ধারণা হলো, বইমেলায় নতুন বইয়ের গন্ধে মানুষ আসে। আসে বটে। কিন্তু শুধু কি নতুন বই? অন্যপ্রকাশ, অবসর, অনুপম, কাকলি, সুবর্ণ ও সময় প্রকাশনের স্টলে দেখা যায় হ‌ুমায়ূন আহমেদের বই কিনতে নিত্যদিনের ভিড়। সাহিত্য প্রকাশন, সেবা প্রকাশনীতে পুরোনো বইগুলো বিক্রি হচ্ছে দেদার। খ্যাতনামা, অল্প পরিচিত নানা স্টলে পাঠকেরা খুঁজছেন কবি শামসুর রাহমান, হেলাল হাফিজ, রফিক আজাদ, নির্মলেন্দু গ‌ুণদের পুরোনো কবিতার বই। অসংখ্য নতুন বই থাকলেও ইত্যাদি প্রকাশনে হাসান আজিজুল হকের আগুনপাখি, ইউপিএলে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, উৎস প্রকাশনে দ্বিজেন শর্মার কুরচি তোমার লাগি, সময় প্রকাশনে আনিসুল হকের মা, অনন্যায় ইমদাদুল হক মিলনের নূরজাহান-এর খোঁজ নিচ্ছেন পাঠক। পাঠকের চাহিদার তালিকায় দাপটের সঙ্গে আছেন চিরকালের রবীন্দ্রনাথ, কাজী নজরুল, মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র, জীবনানন্দ দাশও। রূপ প্রকাশনের কর্ণধার কাজী আবদুল হক বললেন, অনেকগুলো নতুন বই এবার মেলায় নিয়ে এলেও আনা ফ্রাংকের ডায়েরি বিক্রির তালিকায় শীর্ষে আছে। প্রতিদিন বিক্রি হচ্ছে। লেখক নাসরিন জাহানের মন্তব্য, ‘নতুন বই মানে এমন নয় যে বইটি কালই বাজারে এসেছে। নতুন বই সেটিই, যা এখনো পড়া হয়নি।’

নতুন বই ১২৫টি

নতুন বই আসছে প্রতিদিনই। বাংলা একাডেমির জনসংযোগ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল ১২৫টি নতুন বই এসেছে মেলায়। মোড়ক উন্মোচন হয়েছে ১৯টি নতুন বইয়ের। তাম্রলিপি থেকে প্রকাশিত কিশোর মুক্তিযুদ্ধের ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন করেন মুহম্মদ জাফর ইকবাল ও আনিসুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ইয়াসমিন হক, প্রকাশক এ কে তরিকুল ইসলাম, বইটির সম্পাদক আমিনুর রহমান সুলতান প্রমুখ।

গণসংগীতশিল্পী ফকির আলমগীরের দুটি বইয়ের মোড়ক উন্মোচন হয় গতকাল। অনন্যা থেকে নির্বাচিত প্রবন্ধ ও ইউরোপের পথে পথে দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ফকির আলমগীর, অনন্যার প্রকাশক মনিরুল হক প্রমুখ।

ছোটদের নতুন কিছু বইয়ের খবর

মেলায় প্রথমা প্রকাশন ও পাঞ্জেরী প্রকাশনীর শিশু-কিশোর সাহিত্যের তালিকাটা দীর্ঘ। প্রথমা প্রকাশন এনেছে মোহাম্মদ ওয়াজেদ আলীর ছোটদের হজরত মোহাম্মদ (সা.), সেলিনা হোসেনের হোজ্জার ছোট্ট পুতুল, আনিসুল হকের গুড্ডুবুড়ার কক্সবাজার কাণ্ড ও হ্যাপি বার্থ ডে টু ইউ, রেজাউর রহমানের কাঠবিড়ালি, মঈনুস সুলতানের ঘুরে বেড়াই আদিম গুহায়, আখতার হুসেনের হরিণ গেল আবার বনে, শামসুল হকের মানুষ কী করে গুনতে শিখল, রকিব হাসানের হাতকাটা ভূত, রাজীব হাসানের হরিপদ ও গেলিয়েনসহ বেশ কিছু নতুন বই। পাঞ্জেরী প্রকাশনী এনেছে শাহরিয়ারের বেসিক আলী সিরিজ, বাবু সিরিজ, ইমদাদুল হক মিলনের কুনো ব্যাঙের লম্বা পা, সুমন্ত আসলামের ভালো ছেলেগুলোর দুর্দান্ত মিশন, আলম তালুকদারের গাধা-ভূতের কাহিনি, সরওয়ার উল ইসলামের আমরা করব জয়, মোশতাক আহমেদের নরেন্দ্র জমিদারের যুগে। বাংলা একাডেমি এনেছে জালাল ফিরোজের ছোটদের পার্লামেন্ট, চন্দ্রাবতী একাডেমি এনেছে মুহম্মদ জাফর ইকবালের মিতুল ও তার রবোট, জাহীদ রেজা নূরের মাহসুরির বেহালা, মেঘ প্রকাশনী এনেছে অনন্য কামরুলের স্কুলপালানো চাঁদ, সময় এনেছে হাসান হাফিজের রূপকথারা ভিনদেশী, অন্যপ্রকাশ এনেছে পূরবী বসুর ছোটদের বেগম রোকেয়া,রূপ প্রকাশন এনেছে রকিব হাসানের দুরন্তবাজ, নীল কিউব,অনুপম এনেছে ভবেশ রায়ের ডাইনোপিডিয়া,মোরশেদ শফিউল হাসানের জানতে হলে পড়তে হবে, গ্রন্থ কুটির এনেছে ডা. প্রণব কুমার চৌধুরীর শিশুরোগ পরিচয়।