আজ ৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পাকিস্তানি বাহিনীমুক্ত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসন নানা কর্মসূচি হাতে নিয়েছে।
এদিকে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি মুক্ত দিবস গতকাল সোমবার পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে চিলাহাটিকে হানাদারমুক্ত করা হয়।
নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. দবিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্বাধীনতাযুদ্ধে উত্তরাঞ্চলের কয়েকটি বড় সম্মুখযুদ্ধ হয়। এর মধ্যে এই উপজেলার ভাদুরিয়ার যুদ্ধ উল্লেখযোগ্য। কৌশলগত কারণে ভাদুরিয়া ছিল গুরুত্বপূর্ণ এলাকা। দিনাজপুর-ঘোড়াঘাট হয়ে গোবিন্দগঞ্জ ও বগুড়া যাওয়ার মহাসড়কের ওপরেই ভাদুরিয়া গ্রাম। এ ছাড়া ভাদুরিয়া থেকে উত্তরে দাউদপুর হয়ে নবাবগঞ্জ ও রংপুরের পীরগঞ্জ এবং দক্ষিণে ডুগডুগি-বলাহার হয়ে পাঁচবিবি, পশ্চিমে হিলি হয়ে জয়পুরহাট জেলা। পাকিস্তানি সেনাবাহিনী ভাদুরিয়ায় কঠিন প্রতিরোধ গড়ে তোলে। ভাদুরিয়ায় তিন থেকে পাঁচ দিনব্যাপী যুদ্ধে পাকিস্তানের ৮২ ও ভারতের ৫৫ সেনা নিহত হয়। ভাদুরিয়া পতনের পর ১১ ডিসেম্বর হিলি ও গোবিন্দগঞ্জে এবং ১২ ডিসেম্বর ঘোড়াঘাটে পাকিস্তানি সেনাবাহিনীর পতন হয়।
চিলাহাটি মুক্ত দিবস উপলক্ষে চিলাহাটি বাজারে শোভাযাত্রা বের করা হয়। এটি বাজারের বিভিন্ন সড়ক ঘুরে চিলাহাটি সরকারি কলেজ মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা হয়। এতে ভোগডাবুড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক একরামুল হক সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নূরন্নবী, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল জব্বার, চিলাহাটি সরকারি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম প্রমুখ।