আজ নার্গিস হত্যার বিচার শুরু
দীর্ঘ প্রতীক্ষার পর আজ বুধবার নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালতে সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হচ্ছে নার্গিস হত্যা মামলার বিচার। মামলার বাদীপক্ষের আইনজীবী জাহাঙ্গীর হোসেন বিচার-প্রক্রিয়া শুরু হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।এ ব্যাপারে নার্গিসের মেয়ে ফারজানা বলেন, ‘শিশু বয়সে মাকে হারিয়েছি। তাঁর আদর থেকে বঞ্চিত হয়েছি। এর জন্য দায়ী মায়ের দ্বিতীয় স্বামী আসাদ। আসাদের শাস্তি হবে—এ আশা নিয়ে অনেক বাধার পরও আইনি লড়াইয়ে দাঁড়িয়েছি।’মামলার বাদী ফারজানার ফুফাতো বোন নাজমুন নাহার গতকাল বলেন, ‘আসাদ বর্তমান ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় স্ত্রী হত্যার মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের আবেদন করেছিলেন। দুঃখজনক বিষয় হলো, ওই আবেদনে আমাদের জেলার দুজন সাংসদ সুপারিশ করেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর আসাদের আবেদনটি বাতিল হয়ে যায়। এর আগেও আসাদ মিথ্যা তথ্য দিয়ে হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন। তাঁর সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর মামলা থেকে সরে যেতে আমাদের ওপর নানাভাবে চাপ দিয়ে আসছিলেন। আমরা কোনো অপচেষ্টার কাছে মাথানত করিনি। আগামীকাল (বুধবার) বিচারকাজ শুরু হবে। আমাদের বিশ্বাস, ন্যায়বিচার পাবই।’মামলার বাদীপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম খন্দকার বলেন, নার্গিস হত্যা মামলাটি বর্তমানে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল কাশেমের আদালতে বিচারাধীন। আগামীকাল (বুধবার) থেকে শুরু হবে বিচারকাজ। এ মামলায় সহায়তা দিচ্ছে ঢাকার আইন ও সালিশ কেন্দ্র।নার্গিস বেগমের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার চক্রদা ইউনিয়নে। নার্গিস তৎকালীন ছাত্রলীগের নেতা ও শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদের প্রেমে পড়ে ১৯৯৫ সালের ৩১ ডিসেম্বর স্বামীকে তালাক দেন। পরের বছর ১৯৯৬ সালের ১০ জুলাই ঢাকার মগবাজার কাজী অফিসে আসাদ তাঁকে বিয়ে করেন। বিয়ের পর আসাদ সমাজের সামনে নার্গিসকে আনতে রাজি হননি। এ নিয়ে তাঁদের দাম্পত্য কলহ শুরু হয়। একপর্যায়ে নার্গিস নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার ১১ বছর পর নার্গিসের মেয়ে ফারজানার চেষ্টায় তৎকালীন পুলিশ সুপার শাহাবুদ্দিন খানের সহযোগিতায় ২০০৮ সালের ৭ মে শিবপুরের একটি দোকানঘরের নিচ থেকে মানুষের হাড়গোড় উদ্ধার করা হয়। এই হাড়গোড় নার্গিসের বলে ধারণা করা হচ্ছে।এ ব্যাপারে ২০০৮ সালের ১০ মে প্রথম আলোয় ‘১১ বছর পর মায়ের হাড়গোড় উদ্ধার করে ছাড়ল মেয়েটি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে নাজমুন নাহার আসাদকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করেন।