আজ নিউইয়র্কে স্পিকার সম্মেলন শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আজ শনিবার থেকে বিভিন্ন দেশের পার্লামেন্টের স্পিকারদের সম্মেলন শুরু হচ্ছে। ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) আয়োজিত এই সম্মেলনে বিশ্বের প্রায় দেড় শ স্পিকার অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
পাঁচ দিনব্যাপী এই সম্মেলনে আজ ও কাল রোববার হবে নারী স্পিকারদের সম্মেলন। স্পিকারদের চতুর্থ এই সম্মেলনের উদ্বোধন করবেন আইপিইউর সভাপতি বাংলাদেশের সাবের হোসেন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি স্যাম কুটেসা।
আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের যে ৭০তম অধিবেশন বসবে তাতে পরবর্তী ১৫ বছরের জন্য উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে স্পিকার সম্মেলন থেকে কিছু সুপারিশমালা থাকবে।
এবারের স্পিকার সম্মেলনের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে গণতন্ত্র, উন্নয়ন ও শান্তি। সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সংক্রান্ত যে সম্মেলন হবে, তা অর্জনে পার্লামেন্টগুলোর ভূমিকা নিয়েও এই সম্মেলনে আলোচনা হবে। এ ছাড়া সরকারকে কীভাবে দায়বদ্ধ করা যায় ও লিঙ্গসমতা অর্জনে পার্লামেন্টগুলো কী ভূমিকা পালন করতে সক্ষম, তা নিয়েও আলোচনা হবে।
বিশ্বের পার্লামেন্টসমূহের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১৮৮৯ সালে আইপিইউ প্রতিষ্ঠিত হয়। এ সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় এবং বর্তমানে এর সদস্যসংখ্যা ১৬৬। এ ছাড়া আইপিইউর ১০টি সহযোগী সদস্য আছে। এ সংস্থায় বিভিন্ন দেশের ৩৫ হাজার সংসদ সদস্য রয়েছেন। তাঁরা বিশ্বের ৬৫০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন।
পার্লামেন্টসমূহের নেতাদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০০ সাল থেকে সংস্থাটি বিশ্ব স্পিকার সম্মেলনের আয়োজন করছে।