আজ নিরাপদ মাতৃত্ব দিবস
আজ শুক্রবার নিরাপদ মাতৃত্ব দিবস। মাতৃমৃত্যু কমানো ও মাতৃত্বকে নিরাপদ করার উদ্দেশ্য সামনে রেখে বাংলাদেশে আজ দিবসটি পালিত হচ্ছে। নিরাপদ মাতৃত্ব দিবসের এ বছরের প্রতিপাদ্য: ‘প্রতিটি গর্ভই ঝুঁকিপূর্ণ, তাই দক্ষ প্রসূতি সেবা নিশ্চিত করুন’। প্রথম দিকে দিবসটি জাতীয়ভাবে পালিত হলেও ২০০২ সাল থেকে বন্ধ করে দেওয়া হয়। তবে এবার দেশে দিবসটি সরকারিভাবেই পালন করা হবে।আজ সন্ধ্যা সাতটা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মহিলা পরিষদ ও অবস্ট্রিক্যাল এবং গাইনিকোলজিক্যাল সোসাইটির উদ্যোগে মোমবাতি জ্বালানো হবে। এ ছাড়া কাল শনিবার বিকাল সাড়ে তিনটায় সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ ‘মাতৃত্বজনিত স্বাস্থ্যসেবা: প্রেক্ষিত, বাস্তবতা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সকাল আটটায় জাতীয় জাদুঘরের সামনে থেকে শোভাযাত্রার আয়োজন করা হয়।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।