আজ নির্বাচন, সন্ত্রাসী হামলায় দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল পৌরসভার দ্বিতীয় নির্বাচন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। উপজেলার প্রশাসন ইতিমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। এই নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ রোববার রাতে কাউন্সিলর প্রার্থী মো. রিয়াদ খানের দুই কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। সাইফুল ও মাহাবুব নামের এই দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের বালিকা স্কুল সড়কের বটতলা এলাকায় সন্ত্রাসীদের হামলায় কাউন্সিলর প্রার্থী মো. রিয়াদ খানের কর্মী সাইফুল ও মাহাবুব আহত হন। রিয়াদের অভিযোগ, অপর কাউন্সিলর প্রাথী মো. হুমায়ুন কবিরের নের্তৃত্বে এই হামলা হয়েছে। তবে মো. হুমায়ুন কবির অভিযোগ অস্বীকার করে বলেন, নিজেরা ঘটনা ঘটিয়ে তাঁকেসহ তাঁর নেতা-কর্মীদের ফাঁসানোর ষড়যন্ত্র করা হচ্ছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।রিটানিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, নয়টি কেন্দ্রের ২৫ বুথে ভোট গ্রহণ হবে। প্রতিটি কেন্দ্রে ১০ জন পুলিশসহ আনসার, ভিডিপি মোতায়েন থাকবে। একজন করে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাব ও পুলিশের তিনটি করে ছয়টি ভ্রাম্যমাণ টহল দল থাকবে। দুজন ম্যাজিস্ট্রেট থাকবেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে। দুজন ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য নিয়োজিত থাকবেন। বাউফল পৌরসভা নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী মেয়রপদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপিতে যোগদানকারী মো. নিজাম উদ্দিন খান, উপজেলা বিএনপির সহসভাপতি কাজী ফরিদুজ্জামান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. জিয়াউল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ও উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি মো. সফিকুর রহমান। এ ছাড়া নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা সাত হাজার ৫১০।