আজ নূরজাহান বেগমের জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূরজাহান বেগম
নূরজাহান বেগম

আজ ৪ জুন, রোববার বাংলাদেশে নারী সাংবাদিকতার পথিকৃৎ নূরজাহান বেগমের জন্মদিন। ১৯২৫ সালের এই দিনে তিনি চাঁদপুর জেলার চালিতাতলী গ্রামে জন্মগ্রহণ করেন। গত বছরের ২৩ মে শেষনিশ্বাস ত্যাগ করেন এই কর্মিষ্ঠ নারী। বয়স হয়েছিল ৯১ বছর। তিনি ছিলেন বিখ্যাত বেগম পত্রিকার সম্পাদক।

বেগমবাংলার প্রথম সচিত্র মহিলা সাপ্তাহিক। ১৯৪৭ সালের ২০ জুলাই কলকাতা থেকে এটি প্রকাশিত হয়। সাহিত্যক্ষেত্রে মেয়েদের এগিয়ে আনার লক্ষ্যে সাহিত্যচর্চার পৃথক ক্ষেত্র হিসেবে বেগম বের হয়।

১৯৫২ সালে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাতা রোকনুজ্জামান খানের সঙ্গে তাঁর বিয়ে হয়। নূরজাহান বেগমের বাবা ১৯১৮ সালে কলকাতা থেকে মাসিক সওগাত পত্রিকা বের করেন। তিনি ছিলেন বেগম পত্রিকার প্রতিষ্ঠাতা। বাবার পর নূরজাহান বেগমের পাশে দাঁড়ান তাঁর স্বামী রোকনুজ্জামান খান। ২০১১ সালে নূরজাহান বেগম সাংবাদিকতায় একুশে পদক পান।

নূরজাহান বেগমের বড় মেয়ে ফ্লোরা নাসরিন খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘আম্মা মারা যাওয়ার এক বছর সাত দিনের মাথায় গত ৩০ মে আমার ছোট বোন রীনা ইয়াসমিন আহমেদ মারা গেল। আমরা দুই বোন ছিলাম। এ ঘটনায় আমরা সবাই শোকের মধ্যে আছি। তাই আম্মার জন্মদিন উপলক্ষে কোনো কিছু আয়োজন করার কথা চিন্তা করতে পারিনি।’