আজ নৌকাবাইচের আনন্দে মাতবে খুলনাবাসী
শহর জীবনের ব্যস্ততা ও কোলাহল ভুলে আজ শনিবার নৌকাবাইচের আনন্দে মাতবে খুলনাবাসী। রূপসা নদীতে বেলা আড়াইটায় শুরু হবে এ প্রতিযোগিতা।
গ্রামীণফোনের সহায়তায় এবং নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে নদীর ১ নম্বর কাস্টমঘাট থেকে খানজাহান আলী সেতু পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান উপদেষ্টা শেখ আশরাফ উজ জামান জানান, বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সকাল ১০টায় শোভাযাত্রা দিয়ে শুরু হবে দিনব্যাপী এই উৎসবের। বেলা দুইটায় রূপসা নদীর ১ নম্বর কাস্টমঘাটে অতিথিরা ফেস্টুন ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করবেন। বেলা আড়াইটায় শুরু হবে প্রতিযোগিতা।
এবার ৬৫ থেকে ৯৬ হাত দৈর্ঘ্যের বড় নৌকা গ্রুপে অংশ নিচ্ছে ১৯টি এবং ৩৯ থেকে ৫০ হাত গ্রুপে অংশ নিচ্ছে ৯টি নৌকা। বড় নৌকায় ৮০ থেকে ১০০ জন মাল্লা এবং ছোট নৌকায় থাকবেন ৬০ থেকে ৬৫ জন। এসব নৌকা আসছে খুলনার বিভিন্ন উপজেলা এবং সাতক্ষীরা, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুর থেকে।
আশরাফ উজ জামান বলেন, তাঁর জানামতে, এটিই দেশের সবচেয়ে বড় নৌকাবাইচ। প্রতিযোগিতায় বড় দলের বিজয়ীরা পাবেন ১ লাখ টাকা, দ্বিতীয় দল পাবে ৬০ হাজার ও তৃতীয় দল ৩০ হাজার টাকা। ছোট দলের বিজয়ীরা পাবেন ৫০ হাজার টাকা, দ্বিতীয় দল ৩০ হাজার ও তৃতীয় দল ২০ হাজার টাকা। বাইচের পর রূপসা ফেরিঘাটের পশ্চিম পাড়ে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।