আজ ন্যায্যমূল্যের চাল ফের বিক্রি
নিম্নমানের চাল সরবরাহের অভিযোগে গতকাল বুধবার ন্যায্যমূল্যের চাল বিক্রি বন্ধ রেখেছিল ট্রাকসেল ফেয়ার প্রাইস ও ওএমএস ডিলার সমিতি। তবে খাদ্য বিভাগের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ থেকে আবারও চাল বিক্রি শুরু করতে যাচ্ছেন ডিলাররা।গতকাল খাদ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এনায়েত হোসেনসহ কয়েকজন কর্মকর্তার সঙ্গে ডিলাররা বৈঠক করেন। বৈঠকে খাদ্য বিভাগ থেকে আশ্বাস দেওয়া হয়, এখন থেকে নিম্নমানের চাল সরবরাহ করা হবে না। ডিলাররা বলেছেন, ১২ ফেব্রুয়ারির মধ্যে উন্নতমানের চাল সরবরাহ শুরু না করলে ১৩ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য চাল বিক্রি বন্ধ রাখবেন তাঁরা।চাল বিক্রি বন্ধ রাখা কর্মসূচির প্রথম দিনে গতকাল সকাল ১০টায় ডিলার সমিতির পক্ষ থেকে রাজধানীর তেজগাঁও কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে এক সমাবেশের আয়োজন করা হয়। সমিতির সভাপতি আলমগীর সৈকতের সভাপতিত্বে অন্য ডিলাররা সমাবেশে বক্তব্য দেন।সমিতির সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, নিম্নমানের চাল ক্রেতারা নিতে চাইছেন না। এক দিনের চাল দুই দিন ঘুরেও বিক্রি করা যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে ডিলাররা চাল বিক্রি বন্ধ রেখেছেন।খাদ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এনায়েত হোসেন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, সাধারণ বাজারে চালের দাম কমে যাওয়ায় এমনিতেই ন্যায্যমূল্যের চালের চাহিদা কমে গেছে। তারপরও ডিলারদের দাবির কথা বিবেচনা করে উন্নতমানের চাল সরবরাহের চেষ্টা করা হবে।