আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা। মাহে রমজানের শেষ শুক্রবার দিনটি মুসলিম উম্মার কাছে জুমাতুল বিদা নামে পরিচিত। এই দিনটি আল-কুদস দিবস হিসেবেও পালিত হয়।
বিশ্ব মুসলিমের কাছে সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্তবা ও মর্যাদা অধিক। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসা রমজান মাসের শুক্রবারগুলোর মর্তবা আরও অধিকতর। শেষ শুক্রবার জুমাতুল বিদার মধ্য দিয়ে পবিত্র মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় সম্ভাষণ জানানো হয়। এ জন্য দিনটি মুসলমানদের কাছে অত্যন্ত মূল্যবান। কারণ এদিনে এমন একটি সময় আছে যখন মোমিন বান্দাদের মোনাজাত আল্লাহ কবুল করে থাকেন। প্রসিদ্ধ ওলামায়ে কেরামরা মনে করেন, এই সময়টি জুমার দ্বিতীয় খুতবার আজানের শুরু থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত।
আজ জুমাতুল বিদার জামাত আদায়ের জন্য রাজধানী ঢাকাসহ সারা দেশেই মসজিদগুলোতে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেবেন। ব্যক্তি ও পরিবারের জন্য কল্যাণ কামনার পাশাপাশি দেশ-জাতি ও গোটা মুসলিম উম্মার মঙ্গল ও বিশ্বশান্তি কামনা করে মোনাজাত করা হবে।