আজ শনিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে লাইলাতুল কদর মহিমান্বিত রাত। এই রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়ে বেশি ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়।এ কারণে সারা বিশ্বের মুসলমানদের কাছে সওয়াব হাসিল ও গুনাহ মাফের রাত হিসেবে শবে কদরের ফজিলত অতুলনীয়। এই রাতে পবিত্র কোরআন নাজিল হয় এবং এই রাতকে কেন্দ্র করে ‘আল-কদর’ নামে একটি সূরাও অবতীর্ণ করা হয়।এদিকে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল শুক্রবার ধর্মপ্রাণ মুসলমানরা জুমাতুল বিদা ও আল-কুদস দিবস পালন করেছেন। রমজান মাসের শেষ শুক্রবার মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি দিন। বস্তুত জুমাতুল বিদার মধ্য দিয়ে পবিত্র রমজানকে বিদায় জানানো হয়। মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাসের মুক্তির লক্ষ্যে সারা বিশ্বে আল-কুদস দিবস পালিত হয়। বাংলাদেশে আল-কুদস কমিটির উদ্যোগে গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়।জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গতকাল জুমাতুল বিদা উপলক্ষে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। শত শত মুসল্লি জায়নামাজ, বিছানা, খবরের কাগজ বিছিয়ে রাস্তায় নামাজ পড়েন। বায়তুল মোকাররম মসজিদের খতিব বিশেষ মোনাজাত করেন।জুমাতুল বিদার পরদিনই বছর ঘুরে আজ ফিরে এসেছে কদরের মহিমান্বিত রাত। হাদিস অনুযায়ী, ২০ রমজানের পর যেকোনো বিজোড় রাতে কদর হতে পারে। তবে ২৬ রমজান দিবাগত রাতেই লাইলাতুল কদর আসে বলে আলেমদের অভিমত।ইসলামধর্মে বলা হয়েছে, অন্যান্য সময় এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, কদরের এই এক রাতের ইবাদতে তার চেয়ে বেশি সওয়াব হাসিল করা সম্ভব।বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও নিজেদের গুনাহ মাফ এবং অধিক সওয়াব হাসিলের আশায় নফল ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার আর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করবেন। শবে কদরের পরদিন কাল রোববার সরকারি ছুটি থাকবে।এই রাতকে উপলক্ষ করে রাজধানী ঢাকাসহ দেশের সর্বত্রই মসজিদে মসজিদে ওয়াজ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। পবিত্র এই রাতে অনেকেই কবরস্থানে গিয়ে স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে লাইলাতুল কদর উপলক্ষে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।