আজ পবিত্র শবে বরাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র শবে বরাত
পবিত্র শবে বরাত

আজ শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত৷ শবে বরাত অর্থ সৌভাগ্যের রজনী। এ রাতে মহান আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন। ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র এই রাতে নামাজ, ইবাদত-বন্দেগির মধ্যে দিয়ে বিগত জীবনের ভুল-ভ্রান্তি ও পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন৷ একই সঙ্গে ভবিষ্যৎ জীবনে পাপ পরিহার করে শুদ্ধ-সুন্দর জীবন প্রার্থনা করেন৷
হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি শবে বরাত হিসেবে পালন করে মুসলিম উম্মাহ৷
এই শাবান মাসের পরেই আসে পবিত্র রমজান৷ তাই শবে বরাত মুসলমানদের কাছে রমজানের আগমনী বার্তা বয়ে আনে।
শবে বরাত উপলক্ষে নামাজ, ইবাদত-বন্দেগির পাশাপাশি মুসলমানদের বাড়িতে সাধ্যানুযায়ী হালুয়া-রুটিসহ বিশেষ খাবার রান্না করা হয়৷ এ উপলক্ষে অনেকে রোজা রাখেন৷
দিনটি উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।
গতকাল ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শবে বরাত উপলক্ষে আজ শুক্রবার দিবাগত রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান হবে। মাগরিবের সময় শুরু হয়ে এই অনুষ্ঠান ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
অনুষ্ঠানের মধ্যে রয়েছে নামাজ, ইবাদত, তিলাওয়াতে কালামে পাক, না’তে রাসুল (সা.), ওয়াজ মাহফিল, মিলাদ, বিশেষ মোনাজাত৷
শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন৷