আজ পবিত্র শবে মিরাজ
আজ ২৬ রজব, শুক্রবার। আজকের সূর্যাস্তের পর (২৭ রজব) শুরু হবে মুসলমান সম্প্রদায়ের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ পবিত্র মিরাজের রজনী (শবে মিরাজ)। বিশ্বের বিভিন্ন স্থানের মতো বাংলাদেশের মুসলমানেরাও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাতটি উদ্যাপন করবে।গত ১৩ জুন বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গিয়েছিল। সে অনুসারে আজ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শুরু হবে ২৭ রজব—পবিত্র মিরাজের রজনী।ইসলাম ধর্ম অনুসারে, ২৭ রজব (২৬ রজব দিবাগত রাতে) ‘বোরাক’ নামক একটি বিশেষ স্বর্গীয় বাহনে আরোহণ করে সশরীরে মহান আল্লাহ পাকের সান্নিধ্যে গিয়েছিলেন মহানবী হজরত মোহাম্মদ (স.)। এ রাতেই তিনি তাঁর উম্মতের (অনুসারী) জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করার নির্দেশ নিয়ে এসেছিলেন। মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন-এর সূরা আল ইসরাতে মিরাজের উল্লেখ আছে।শবে মিরাজ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ওয়াজ মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। মাগরিবের নামাজের পর সন্ধ্যা সাতটা ২০ মিনিটে ওয়াজ মাহফিল শুরু হবে।এ ছাড়া সারা দেশে ধর্মপ্রাণ মুসলমানেরা ওয়াজ মাহফিল, ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাতটি কাটাবেন।