আজ পবিত্র হজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র হজ
পবিত্র হজ

আজ বৃহস্পতিবার পবিত্র হজ। ভাষা ও বর্ণের ভেদাভেদ ভুলে বিশ্বের প্রায় ১৭১টি দেশের ২৫-৩০ লাখ ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের লক্ষ্যে মিনা থেকে আরাফাতে যাবেন। মূলত ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করাই হজ।

ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি হচ্ছে হজ। ‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্‌দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্‌ক, লা শারিকা লাক।’ তালবিয়া পাঠ করে মহান সৃষ্টিকর্তার কাছে নিজের উপস্থিতি জানান দিয়ে পাপমুক্তির আকুল বাসনায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তাঁরা আরাফাতের ময়দানে থাকবেন। কেউ পাহাড়ের কাছে, কেউ সুবিধাজনক জায়গায় বসে ইবাদত করবেন। ‘লাব্বাইক’ ধ্বনিতে আজ মুখর হবে আরাফাতের ময়দান। ৯ জিলহজ সকালে ফজর নামাজ শেষে আরাফাতের উদ্দেশে রওনা দেওয়ার কথা থাকলেও লাখ লাখ হজযাত্রীর চাপ সামলাতে না পেরে মোয়াল্লেম ৮ জিলহজ এশার নামাজের পর আরাফাতে যাওয়ার ব্যবস্থা করেন। এই আরাফাত-যাত্রা চলে সারা রাত। মিনার মতো আরাফাতে তাঁবুর সারি। তবে এগুলো অস্থায়ী।

হজ ভিসা নিয়ে যাঁরা সৌদি আরবে গিয়ে অসুস্থতার জন্য হাসপাতালে চিকিত্সাধীন, তাঁদেরও অ্যাম্বুলেন্সে করে আরাফাতের ময়দানে স্বল্প সময়ের জন্য আনা হবে। কারণ আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া হজের অন্যতম ফরজ।

কয়েকবার হজ করেছেন এমন কয়েকজন হাজিকে নিজ তাঁবুতে থেকে ইবাদত করার পরামর্শ দিয়েছেন। আরাফাতের ময়দানে এসে বেশির ভাগ বয়োবৃদ্ধ হজযাত্রী মসজিদে নামিরাহ, জাবালে রহমত দেখতে গিয়ে ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে গিয়ে ভিড়ের মধ্যে নিজেদের তাঁবু হারিয়ে ফেলেন, বিড়ম্বনায় পড়েন। এই বিড়ম্বনা এড়াতে মোয়াল্লেম আরাফাত ময়দানের যে স্থানে নিয়ে রাখবেন সেখানে অবস্থান করে ইবাদত করার পরামর্শ দিয়েছেন নইলে হারিয়ে যেতে পারেন।

জনশ্রুতি আছে, হজরত আদম (আ.) ও বিবি হাওয়া দীর্ঘদিন কান্নাকাটির পর জাবালে রহমতে দুজনের দেখা হয়েছিল। জাবাল মানে পাহাড়। জাবালে রহমত হলো রহমতের পাহাড়। এই পাহাড়ে একটি উঁচু পিলার আছে। একে কেউ কেউ দোয়ার পাহাড়ও বলেন। পিলারের কাছে যাওয়ার জন্য পাহাড়ের গায়ে সিঁড়ি করা আছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) আরাফাতে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।

আরাফাহ ও আরাফাত এই দুটো শব্দই আরবিতে প্রচলিত। দৈর্ঘ্যে দুই মাইল, প্রস্থেও দুই মাইল। এই বিরাট সমতল ময়দানের নাম আরাফাত। ময়দানের তিন দিক পাহাড়বেষ্টিত। ময়দানের দক্ষিণ পাশ ঘেঁষে মক্কা হাদা তায়েফ রিং রোড। এই সড়কের দক্ষিণ পাশে আবেদি উপত্যকায় মক্কার উম্মুল কুরআ বিশ্ববিদ্যালয়। উত্তরে সাদ পাহাড়। সেখান থেকে আরাফাত সীমান্ত পশ্চিমে প্রায় এক কিলোমিটার। সেখান থেকে দক্ষিণে মসজিদে নামিরাহয় গিয়ে আরাফাত সীমান্ত শেষ হয়েছে।

মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা দেবেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল শাইখ।

আজ আরাফাতের ময়দানে খুতবার পর জোহর ও আসরের নামাজ আদায় করবেন মুসল্লিরা। তাঁরা সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করে মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। রাতে সেখানে অবস্থান করবেন খোলা মাঠে। শয়তানের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপের জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করবেন সেখান থেকে।

মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে হাজিরা কেউ ট্রেনে, কেউ গাড়িতে, কেউ হেঁটে মিনায় যাবেন এবং নিজ নিজ তাঁবুতে ফিরবেন। মিনায় বড় শয়তানকে সাতটি পাথর মারার পর পশু কোরবানি দিয়ে মাথার চুল ছেঁটে (ন্যাড়া করে) গোসল করবেন। সেলাইবিহীন দুই টুকরো কাপড় বদল করবেন। এরপর স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরিফ তাওয়াফ (কাবা শরিফ সাত চক্কর দেওয়াকে তাওয়াফ বলে) করবেন। কাবার সামনের দুই পাহাড় সাফা ও মারওয়ায় সাঈ (সাতবার দৌড়াবেন) করবেন। সেখান থেকে তাঁরা আবার মিনায় যাবেন। মিনায় যত দিন থাকবেন, তত দিন তিনটি (বড়, মধ্যম, ছোট) শয়তানকে ২১টি পাথর মারবেন।

হজ পরিচালক মো. সাইফুল ইসলাম গতকাল প্রথম আলোকে জানান, বাংলাদেশের সব হজযাত্রী সুস্থ আছেন। হজের পাঁচ দিন মিনায় ২৪/৬২ নম্বর তাঁবুতে বাংলাদেশ হজ কার্যালয়ের কার্যক্রম চলবে। প্রতিদিন হজযাত্রীদের ছবি, মৃত হজযাত্রীদের তালিকা ও বুলেটিনে তথ্য হালনাগাদ করা হয় www.hajj.gov.bd এই ঠিকানায়।

আজ কাবা শরিফে নতুন গিলাফ পরানো হবে

প্রতিবছর (৯ জিলহজ) হজের দিন হাজিরা সব আরাফাতের ময়দানে থাকেন এবং মসজিদে হারামে মুসল্লির সংখ্যাও থাকে কম। আজ কাবা শরিফের গায়ে পরানো হবে নতুন গিলাফ। আরবরা কাবাকে আবৃত করে রাখা কাপড়টিকে বলে কিসওয়া আর আমরা বলি গিলাফ। হাজিরা আরাফাত থেকে ফিরে এসে কাবা শরিফের গায়ে নতুন গিলাফ দেখতে পান। নতুন গিলাফ পরানোর সময় পুরোনো গিলাফটি সরিয়ে ফেলা হয়। পুরোনো গিলাফ কেটে মুসলিম দেশের সরকারপ্রধানদের উপহার দেওয়া হয়।