ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রয়াত পিয়াস করিমের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ আজ শুক্রবার ধানমন্ডিতে মরহুমের বাসভবনে নেওয়া হবে। এদিকে আত্মীয়স্বজনকে তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিতে অনুমতি দেওয়ার নির্দেশনা চেয়ে গতকাল বৃহস্পতিবার হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
পিয়াস করিম গত সোমবার স্কয়ার হাসপাতালে মারা যান। তাঁর বোন ও ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় বিদেশে থাকায় মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়। আজ শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ শহীদ মিনারে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তাঁর বন্ধু ও নাগরিক সমাজ।
গত রাতে নাগরিক সমাজের প্রতিনিধি জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অগণতান্ত্রিক সিদ্ধান্তের কারণে পিয়াস করিমের লাশ শহীদ মিনারে নিতে পারছি না। তাই লাশ ধানমন্ডির বাসায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।’