আজ পৃথিবীর নিকটবর্তী হচ্ছে চাঁদ
আজ ২৩ জুন রোববার পৃথিবীর খুব কাছাকাছি আসছে চাঁদ। উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী থেকে চাঁদের এ নিকটতম অবস্থানকে বলা হয় অনুভূ (পেরিজি)। এ সময় চাঁদ পৃথিবী থেকে তিন লাখ ৫৬ হাজার ৯৯১ কিলোমিটার দূরত্বে অবস্থান করবে। আগামী বছরের আগস্ট মাসের আগে চাঁদ আর পৃথিবীর এতটা কাছাকাছি আসবে না। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব তিন লাখ ৮৪ হাজার ৪০২ কিলোমিটার। আজ অনুভূ সময়ের কাছাকাছি সূর্য, পৃথিবী ও চাঁদ প্রায় একই সরলরেখায় অবস্থান করবে। ফলে তখনই পূর্ণচন্দ্র বা পূর্ণিমা হবে। অনুভূ ও পূর্ণিমা প্রায় একই সময়ে সংঘটিত হওয়ার কারণে তখন চাঁদকে স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় ও উজ্জ্বল দেখাবে। ঢাকার সময় আজ বিকেল পাঁচটা ৩২ মিনিটে চাঁদ অনুভূ অবস্থানে আসবে। তবে পূর্ণিমার সর্বোচ্চ মুহূর্তটি ঘটবে বিকেল পাঁচটার দিকে। বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান বিভাগের সভাপতি শাহজাহান মৃধা বলেন, গবেষকেরা আজকের চাঁদকে অনুভূ পূর্ণচন্দ্র (পেরিজি ফুল মুন) বলে থাকেন। প্রতিবছরই কোনো না-কোনো সময় এ ঘটনা দেখা যায়। নিয়মিত এ ঘটনার সময় চাঁদের আকার স্বাভাবিক পূর্ণিমার চেয়ে ১৪ শতাংশ বড় ও ৩০ শতাংশ উজ্জ্বল দেখায়। তবে খালি চোখে এটি নির্ণয় করা কঠিন। আর এ ঘটনায় পৃথিবীতে তেমন কোনো প্রভাব পড়বে না। তবে জোয়ারের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে। বিজ্ঞপ্তি।