আজ পোশাক কারখানা খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের ভবনধসের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে পোশাক কারখানার মালিকদের সমিতি বিজিএমইএ। সমিতির দ্বিতীয় সহসভাপতি এস এম মান্নানকে আহ্বায়ক করে গঠিত নয় সদস্যের এ কমিটি আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। বিজিএমইএ ভবনে গতকাল রোববার এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান সমিতির সভাপতি মো. আতিকুল ইসলাম। দুদিন বন্ধ থাকার পর আজ সোমবার থেকে দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে। এ বিষয়ে পোশাকশ্রমিকদের উদ্দেশে আহ্বান জানিয়ে সভাপতি বলেন, ‘দেশ, জাতি, অর্থনীতি ও শিল্পের স্বার্থে কারখানার উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে হবে। আপনারা শান্তিশৃঙ্খলা বজায় রেখে কাজ করবেন।’ এ সময় কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান তিনি। সাভার ট্র্যাজেডির পুনরাবৃত্তি এড়াতে সব পোশাক শিল্পপ্রতিষ্ঠানের ভবন কাঠামো পরীক্ষা করতে রাজউকের প্রতি আহ্বান জানান সভাপতি। এ জন্য বিজিএমইএ প্রয়োজনীয় সহায়তা দেবে বলেও জানান আতিকুল ইসলাম। ব্রিফিংয়ে জানানো হয়, নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারের জন্য সরকার ২০ হাজার টাকা করে দিচ্ছে। এটি শুধু লাশ পরিবহন ও দাফনের জন্য, ক্ষতিপূরণ নয়। তাজরীনের মতো সাভারে নিহত শ্রমিকদের অধিকার নিশ্চিত করে সরকার, বিজিএমইএ ও অন্যান্য সংস্থা মিলে সমন্বিতভাবে ক্ষতিপূরণ দেবে। এ জন্য কাজ শুরু হয়েছে।