আজ প্রতিমা বিসর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদায়বেলায় বিষণ্ণতা নয়, আনন্দে মেতেছেন সবাই। হাসিমুখে দেবীকে বিদায় দিচ্ছেন। বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মেতেছেন নারীরা। রাজশাহী নগরের দেবালয় মণ্ডপ থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
বিদায়বেলায় বিষণ্ণতা নয়, আনন্দে মেতেছেন সবাই। হাসিমুখে দেবীকে বিদায় দিচ্ছেন। বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মেতেছেন নারীরা। রাজশাহী নগরের দেবালয় মণ্ডপ থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

দর্পণ বা প্রতীকী বিসর্জনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার শাস্ত্রমতে দেবী দুর্গার বিসর্জন হয়েছে। আজ শনিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শেষ হবে। গত মঙ্গলবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছিল হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
তিথি অনুযায়ী এবার দুর্গাপূজার মহানবমী ও বিজয়া দশমীর লগ্ন একই দিনে পড়ে। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে কেন্দ্রীয় পূজামণ্ডপে গতকাল সকাল ছয়টা ৫৪ মিনিটের মধ্যে দেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা হয়। এরপর আটটা ২৩ মিনিটের মধ্যে দেবীর দশমী বিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন হয়। এই বিসর্জন হয় একটি জলভর্তি হাঁড়িতে স্থাপিত আয়নায় মা দুর্গার প্রতিচ্ছবী আনার মাধ্যমে। দর্পণ বিসর্জনের পরই পূজায় ব্যবহৃত ঘটগুলো ঢাকেশ্বরী মন্দিরের পুকুরে বিসর্জন দেওয়া হয়।
সব মণ্ডপে না হলেও ঢাকেশ্বরী কেন্দ্রীয় মণ্ডপে বিজয়া দশমীর অংশ হিসেবে সধবা নারীরা প্রথমে মা দুর্গার পায়ে সিঁদুর দিয়ে তাঁদের ভক্তি জানান। পরে নিজেদের মধ্যে সিঁদুর খেলা করে আনন্দ করেন। বেলা একটার দিকে ঢাকেশ্বরী মন্দিরের দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ প্রচলিত পঞ্জিকামতে পূজা করলেও রামকৃষ্ণ মঠ ও মিশনে পূজা অনুষ্ঠিত হয় বিশুদ্ধ সিদ্ধান্তমতে। সে অনুসারে গতকাল ঢাকা রামকৃষ্ণ মিশনে শুধু মহানবমী পূজা অনুষ্ঠিত হয়। সকাল ছয়টায় নবমী পূজা শুরু হয়ে শেষ হয় বেলা দেড়টার দিকে। এর মধ্যে পূজার্থীরা অঞ্জলিও দেন। এই পূজামণ্ডপে আজ সকাল সাতটায় বিজয়া দশমী পূজা শুরু হবে। সকাল সাড়ে আটটায় হবে দর্পণ বা প্রতীকী বিজর্সন।
কেএম দাস লেন ভোলানন্দগিরি আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির, ঠঁাটারীবাজার বটতলার পঞ্চানন শিবমন্দির, রাজারবাগ বরদেশ্বরী কালীমন্দির, তাঁতীবাজার, শাঁখারীবাজার, নর্থব্রুক হল, কলাবাগান, বনানী মাঠের পূজামণ্ডপ, সবুজ সংঘের বাসাবো মাঠ মণ্ডপ, ঢাকা বিশ্ববিদ্যালেয়র জগন্নাথ হল প্রাঙ্গণের মণ্ডপসহ রাজধানীর বিভিন্ন মণ্ডপে পূজা উদ্যাপন পরিষদের নিয়ম অনুসারে গতকাল নবমী ও বিজয়া দশমী পূজা অনুষ্ঠিত হয়।
বিজয়া দশমী হলেও গতকাল প্রায় সব পূজামণ্ডপেই পূজার্থী ও দর্শনার্থীরা ভিড় জমান। বিশেষ করে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দর্শনার্থীদের ভিড় ছিল। সকালে অঞ্জলি প্রদান ছাড়াও প্রতিমা দর্শনে বিপুল লোকসমাগম হয়। রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী বেদময়ানন্দ প্রথম আলোকে বলেন, ধর্মনির্বিশেষে প্রচুর দর্শনার্থী সকাল থেকেই মন্দিরে এসেছেন। অন্যতম আকর্ষণ ছিল প্রসাদ গ্রহণ।
ভোলানন্দগিরি আশ্রমের মণ্ডপে সকাল সাড়ে ১০টার দিকে অঞ্জলি দেন ওয়ারীর বাসিন্দা ব্যাংক কর্মকর্তা শিবানী চন্দ। অঞ্জলি শেষে মায়ের প্রসাদ গ্রহণের জন্য তাঁর মতো প্রচুর নারী-পুরুষ অপেক্ষা করতে থাকেন। শিবানী চন্দ বলেন, মায়ের খিচুড়ি প্রসাদ সব সময়ই অমৃতের মতো। বাড়ির খিচুড়ি কখনোই এমন সুস্বাদু হয় না। যত সময়ই লাগুক, তিনি মন্দিরের প্রসাদের জন্য অপেক্ষা করবেন।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তাপস কুমার পাল জানান, বিজয়া দশমীর পূজা ও দর্পণ বিসর্জন সম্পন্ন হলেও আজ বিকেল চারটায় ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে বিজয়া শোভাযাত্রা বের করা হবে। নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রা শেষ হবে পুরান ঢাকার ওয়াইজঘাটে। এরপর বুড়িগঙ্গায় মায়ের প্রতিমা বিসর্জন হবে।