আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস
আজ ১৭ মে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে ১৯৮১ সালের এই দিনে তিনি দেশে আসেন। সারা দেশের লাখো মানুষ তাঁকে স্বাগত জানাতে ঢাকায় আসেন, ভালোবাসায় সিক্ত হন বঙ্গবন্ধুকন্যা।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হলেও দেশের বাইরে থাকায় বেঁচে যান তাঁর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। দেশের বাইরে অবস্থানকালে ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে শেখ হাসিনা দলের সভানেত্রী নির্বাচিত হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে সাত দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। ভোরে কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল নয়টায় ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, সন্ধ্যা সাতটায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করবেন।
এ ছাড়া আওয়ামী লীগ ও এর সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের পক্ষ থেকে ২২ মে পর্যন্ত কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির প্রথম দিন আজ রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগের উদ্যোগে ছাত্রসমাবেশ হবে। কর্মসূচির শেষ দিন ২২ মে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল এক বিবৃতিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করার জন্য আওয়ামী লীগ ও এর সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক-শুভানুধ্যায়ী এবং দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে অসামান্য অবদান রাখার জন্য শেখ হাসিনার সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করে দেশব্যাপী দোয়া, মিলাদ মাহফিল, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।