চট্টগ্রাম-১২ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের উপনির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তুতি হিসেবে নির্বাচনী এলাকার দুই থানার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসছে নির্বাচন কমিশন। আজ বেলা তিনটায় উপজেলা মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আনোয়ারা-কর্ণফুলী আসনে উপনির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গত ৩১ ডিসেম্বর। ওই দিন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কেউ মনোনয়পত্র প্রত্যাহার না করায় ১৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের জন্য সার্বিক প্রস্তুতি শুরু করছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে আজ (বুধবার) বেলা তিনটায় আনোয়ারা উপজেলায় মতবিনিময় করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ আলী।আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী নুুরুল আবছার প্রথম আলোকে বলেন, উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য কমিশন প্রস্তুতি হিসেবে মতবিনিময় সভা করছে।উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রয়াত সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে ও আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও গণফোরামের উজ্জ্বল ভৌমিক।