আজ প্রিসাইডিং কর্মকর্তাদের শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের দিন পুলিশের হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনা তদন্তে আজ রোববার থেকে শুনানি শুরু হচ্ছে। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই শুনানি অনুষ্ঠিত হবে।
আজ প্রথম দিনে ঢাকার ২০টি ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। এরপর ২০ মে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। পর্যায়ক্রমে পুলিশ এবং সাংবাদিকদের সাক্ষাৎকারও নেওয়া হবে। কমিশন সচিবালয় সূত্র এই তথ্য জানিয়েছে।
গত ২৮ এপ্রিল ভোট গ্রহণের দিন সাংবাদিকদের অনেকে আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশের নির্যাতনের শিকার হন। পুলিশ কয়েকজন সাংবাদিককে বিধিবহির্ভূতভাবে তাঁদের দায়িত্ব পালনে বাধা দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইসি ঘটনা তদন্তের সিদ্ধান্ত নেয়।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে। এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনারকে এই কমিটির সদস্য এবং কমিশনার সচিবালয়ের একজন উপসচিবকে সদস্যসচিব করা হয়েছে।
ভোট গ্রহণের দিন দায়িত্ব পালন করতে গিয়ে অন্তত আটজন সাংবাদিক হামলার শিকার হন ও ১৫ জনকে তাঁদের দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়। পুলিশ ও সরকার দল-সমর্থিত প্রার্থীদের কর্মীরা প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল, যুগান্তর, পূর্বকোণ, ৭১ টেলিভিশন, আরটিভিসহ আরও একাধিক গণমাধ্যমের সাংবাদিকদের ওপর হামলা করে। তারা সাংবাদিকদের ক্যামেরা ও মোটরসাইকেল ভাঙচুর এবং ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র ছাড়তে বাধ্য করে।