আজ পয়ালগাছা ইউপি চেয়ারম্যান পদে উপনির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। নির্বাচনে ১৪ হাজার ৬৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন মহিন উদ্দিন মজুমদার, সৈয়দ মো. মাহিন উদ্দিন ও ফরিদ উদ্দিন।গত ১২ আগস্ট ওই ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এরপর প্রার্থীরা এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেন। গত মঙ্গলবার ছিল প্রচার-প্রচারণার শেষ দিন।মোট ১০টি ভোটকেন্দ্রের মধ্যে পাঁচটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ প্রসঙ্গে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান বলেন, ‘ঝুঁকিপূর্ণ পাঁচটি কেন্দ্রে পুলিশের পাঁচজন পরিদর্শক থাকবেন। একই সঙ্গে দুটি করে কেন্দ্রে একজন পরিদর্শকের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ দল কাজ করবে। নির্বাচনে কোনো হাঙ্গামা ও সহিংসতা বরদাশত করা হবে না। পুলিশসহ বিভিন্ন সংস্থা পুরো নির্বাচনী এলাকায় কড়া নজরদারি রাখবে।’ জেলা নির্বাচন কমিশনার মো. আবদুল হালিম খান তাঁর দপ্তরে এই প্রতিবেদককে বলেন, উপনির্বাচনের সব ভোটকেন্দ্রকেই গুরুত্বপূর্ণ মনে করে প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য দুই প্লাটুন র‌্যাব মোতায়েন করা হয়েছে।