আজ ফুলবাড়ী দিবস
আজ ২৬ আগস্ট। ২০০৬ সালের এই দিনে দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জি নামের একটি কোম্পানির কয়লা প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় মানুষের বিশাল সমাবেশে সেই সময়ের বিডিআর গুলি চালালে তিনজন নিহত হন। আহত হন দুই শতাধিক আন্দোলনকারী।
এরপর ফুলবাড়ীর পার্শ্ববর্তী পার্বতীপুর, বিরামপুরসহ বিভিন্ন জায়গায় আন্দোলন ছড়িয়ে পড়ে। আন্দোলনের তীব্রতার মুখে ৩০ আগস্ট সরকার আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে ‘ফুলবাড়ী চুক্তি’ করতে বাধ্য হয়।
সেই আন্দোলনের পর থেকে আজকের দিনটিকে ‘ফুলবাড়ী দিবস’ হিসেবে পালন করে আসছে আন্দোলনকারীরা। দিনটি উপলক্ষে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার নানা কর্মসূচি নিয়েছে। সকালে ফুলবাড়ীর শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হবে। বেলা ১১টায় ফুলবাড়ীর নিমতলী মোড়ে সমাবেশ রয়েছে।
আজ ঢাকায় দিনটি উপলক্ষে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। সারা দেশের শহীদ মিনারে একই কর্মসূচি পালন করা হবে বলে গতকাল জাতীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।