আজ ফুলবাড়ীতে সমাবেশের মাধ্যমে শেষ হচ্ছে লংমার্চ
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির লংমার্চ আজ শনিবার দিনাজপুরের ফুলবাড়ী পৌঁছাবে। বিকেলে ফুলবাড়ীর উর্বশী প্রেক্ষাগৃহের সামনে মহাসমাবেশের মাধ্যমে শেষ হবে লংমার্চ কর্মসূচি।বিদ্যুৎ ও জ্বালানি-সংকট সমাধানসহ সাত দফা দাবিতে ‘উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না’ এই স্লোগান সামনে রেখে গত ২৪ অক্টোবর ঢাকা থেকে ফুলবাড়ী অভিমুখে এই লংমার্চ শুরু হয়।আজকের সমাবেশ ঘিরে ফুলবাড়ীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির স্থানীয় শাখা দেড় মাস ধরে কয়লাখনি এলাকার গ্রামগুলোতে গণসংযোগ ও সভা-সমাবেশ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। লংমার্চ সৈয়দপুরে: ফুলবাড়ীর অভিমুখে তেল-গ্যাস রক্ষা কমিটির লংমার্চ গতকাল বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলা সদরে পৌঁছায়। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে লংমার্চকে স্বাগত জানান স্থানীয় নেতারা। সাম্যবাদী দলের লংমার্চ: আমাদের নীলফামারী প্রতিনিধি জানান, ফুলবাড়ী অভিমুখে তেল-গ্যাস রক্ষা কমিটির লংমার্চের অংশ হিসেবে সাম্যবাদী দল নীলফামারী জেলা শাখা গতকাল শুক্রবার সকালে নীলফামারী থেকে ফুলবাড়ীর উদ্দেশে লংমার্চ শুরু করেছে। সকালে দলের নেতা-কর্মীদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে স্থানীয় স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে তারা ফুলবাড়ীর উদ্দেশে যাত্রা শুরু করেন।দিনাজপুরে সমাবেশ: ফুলবাড়ী অভিমুখে লংমার্চের সময় গতকাল রাত আটটার দিকে দিনাজপুরে যাত্রাবিরতি করে তেল-গ্যাস রক্ষা কমিটির লংমার্চ। এ সময় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে বক্তারা বলেন, ‘উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না’—দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনির ভবিষ্যৎ এই তিন ‘না’-এর ভিত্তিতেই নির্ধারণ করতে হবে। এটাই দেশের মানুষের দাবি। দেশি-বিদেশি কোনো গোষ্ঠীর ক্ষমতা নেই জাতীয় সম্পদ রক্ষায় দেশের মানুষকে এই তিন ‘না’ থেকে পিছু হঠায়।