আজ ফেনীতে জহির রায়হান স্মরণোৎসব
ফেনীতে আজ সোমবার প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা, লেখক-সাংবাদিক জহির রায়হান স্মরণোৎসবের আয়োজন করা হয়েছে।
স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো ফেনীর ভেঙে ফেলা শহীদ জহির রায়হান মিলনায়তন মাঠে দিনব্যাপী এই স্মরণোৎসবের আয়োজন করছে। এতে সহযোগিতা করছে জেলা প্রশাসন।
১৯৭২ সালের ৩০ জানুয়ারি ঢাকার মিরপুরে জহির রায়হান নিখোঁজ হন। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার ও জহির রায়হানের পৈতৃক বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মজুপুর গ্রামে।
আজ সকালে স্মরণোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের পর রয়েছে আলোচনা সভা, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে থাকবে নাট্যানুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শন ও সংগীতানুষ্ঠান।
আয়োজকেরা জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনীর জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। জহির রায়হানের ছেলে বিপুল রায়হান অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
প্রসঙ্গত, ২০০৭ সালে ফেনী শহরের মিজান রোডের শহীদ জহির রায়হান মিলনায়তন আধুনিকায়নের কথা বলে ভেঙে ফেলা হয়। এরপর মিলনায়তনটি পুনর্নির্মাণ করা হয়নি। এতে ফেনীতে সাংস্কৃতিক কর্মকাণ্ড ঝিমিয়ে পড়েছে। মিলনায়তনটি পুনর্নির্মাণের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
জহির রায়হান মিলনায়তন পুনঃপ্রতিষ্ঠা-মঞ্চের সদস্যসচিব আসাদুজ্জমান দারা বলেন, স্মরণোৎসবের মধ্য দিয়ে মূলত জহির রায়হান মিলনায়তন পুনঃপ্রতিষ্ঠার দাবি জোরালোভাবে তুলে ধরা হবে।