আজ ফ্লাওয়ার ফেস্ট শুরু
আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ফ্লাওয়ার ফেস্ট-২০১৭। বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত ফুলের এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টার ফর এন্টারপ্রাইজেসের (আইআইসিই) ও বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি (বিএফএস) এ মেলার আয়োজন করেছে। আয়োজনে সহযোগিতা করছে ইউএসএআইডি, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস) ও দেশিফুল ডটকম।
আয়োজকেরা জানান, তিন দিনব্যাপী মেলায় ফুল উৎপাদক, ফুল ব্যবসায়ী (পাইকারি ও খুচরা), ফুল খাতের সংশ্লিষ্ট সংগঠন, সাজসজ্জা বাস্তবায়নকারী প্রতিষ্ঠান (ইভেন্ট ম্যানেজমেন্ট) অংশ নেবে। মেলায় ১৪টি প্যাভিলিয়ন ও ৩৩টি স্টল থাকবে।
মেলায় এক হাজারেরও বেশি ফুলের প্রদর্শনীর পাশাপাশি থাকবে ফুলের ওপর ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুড জোন, কিডস কর্নার, কর্মশালা, ফ্লাওয়ার ল্যান্ডস্ক্যাপিং, ফটো বুথ, ফ্লাওয়ার টানেল ও গোলটেবিল বৈঠক। শিশুদের জন্য থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মেলা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন থাকবে। বিজ্ঞপ্তি