আজ বগুড়া ও জয়পুরহাটে খালেদা জিয়ার চার কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সহিংসতায় হতাহতদের পরিবার ও মন্দির ভাঙচুরের ঘটনায় হিন্দু সম্প্রদায়কে সমবেদনা জানাতে আজ রোববার বগুড়া ও জয়পুরহাটে চারটি কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও মন্দির কমিটিকে আর্থিক অনুদান দেবেন বলে স্থানীয় বিএনপির নেতারা জানিয়েছেন।খালেদা জিয়া ঢাকা থেকে সড়কপথে গতকাল শনিবার রাত নয়টার দিকে বগুড়ায় পৌঁছান। তাঁকে স্থানীয় বিএনপির নেতা-কর্মী, সমর্থক ও উৎসুক জনতা স্বাগত জানান। তিনি বগুড়ার সার্কিট হাউসে রাত যাপন করছেন। বিএনপির সূত্র জানায়, খালেদা জিয়া আজ সকালে প্রথমে শহরের মাটিডালি মোড়ে বগুড়া সদর ও শিবগঞ্জে নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানাবেন। সেখানে একটি পথসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুরে একই ধরনের কর্মসূচিতে অংশ নেবেন। সেখান থেকে বগুড়ায় ফিরে বিকেলে গাবতলী উপজেলার সোনারায়, কাগইল ও রামেশ্বরপুর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন ও পথসভায় বক্তব্য দেবেন। সর্বশেষ পথসভা হবে বগুড়ার শাজাহানপুরে।নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল-পোস্টার: জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় বগুড়ায় নিহত হয় ১৫ জন। এ ঘটনায় শোক পালন করছে বগুড়া জেলা বিএনপি। এর সঙ্গে যুক্ত রাষ্ট্রপতির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক। আর তাই খালেদা জিয়ার আগমন উপলক্ষে পোস্টার, বড় ব্যানার বা মিছিল করার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে স্থানীয় বিএনপির। কিন্তু তা উপেক্ষা করে খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় কয়েকজন কারাবন্দী নেতার মুক্তির দাবিতে শহর ও আশপাশের এলাকা পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে। বিভিন্ন মামলার আসামি এসব নেতার জামিন নামঞ্জুর করায় তাঁদের অনুসারীরা গত ১৪ ফেব্রুয়ারি বগুড়া জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হামলা ও ভাঙচুর চালান। তাঁরা কাঠগড়া ভেঙে জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ার, সাধারণ সম্পাদক আরাফাতুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মেহেদী হাসান, শহর যুবদলের যুগ্ম সম্পাদক আদিল শাহরিয়ার, সহ-যুগ্ম সম্পাদক মহরম আলী ও যুবদলের সদস্য শাহ আলমকে ছিনিয়ে নিয়ে যান। অবশ্য পরে এই ছয়জন পুলিশের কাছে আত্মসমর্থন করতে বাধ্য হন। গতকাল বিকেলে সিপার আল বখতিয়ারের মুক্তির দাবিতে বগুড়া শহরে মিছিল বের করেন তাঁর অনুসারীরা। বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, বিএনপির চেয়ারপারসন মিছিল ও ব্যক্তিগত ব্যানার টাঙিয়ে শুভেচ্ছা জানাতে নিষেধ করেছেন। এরপরও যারা এসব করেছে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।