বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের আই-জেন আঞ্চলিক প্রতিযোগিতা ও আবাসিক ক্যাম্প শুরু হচ্ছে আজ ১৭ সেপ্টেম্বর৷ এতে অংশ নেবে এই দুই অঞ্চলের ১৬ জেলার ১৬টি স্কুল দল৷
বরিশাল অঞ্চলের আবাসিক ক্যাম্প বসছে শহরের বটতলা এলাকার আভাস প্রশিক্ষণ কেন্দ্রে। এতে অংশ নিচ্ছে বরগুনা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বরিশাল জিলা স্কুল, ভোলা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি হরচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কালকিনি পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চবিদ্যালয়৷
চট্টগ্রামে ব্র্যাক লার্নিং সেন্টারে ক্যাম্পে অংশ নিচ্ছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সিলভার বেলস গার্লস হাইস্কুল, বান্দরবানের আল ফারুক ইনস্টিটিউট, রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়, নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও রায়পুর মার্চেন্ট একাডেমি৷
তিন দিনের এই আবাসিক ক্যাম্পে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে কর্মশালায় অংশ নেবে৷ এতে কম্পিউটার প্রোগ্রামিং ও ওয়েবসাইট তৈরির প্রাথমিক ধারণা ও প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া থাকবে ইন্টারনেটে দরকারি তথ্য খোঁজা, ইন্টারনেট নিরাপত্তা, উইকিপিডিয়া ও গুগল ট্রান্সলেটে অবদানের মতো বিষয়ে কর্মশালার ব্যবস্থা।
গ্রামীণফোন ও প্রথম আলোর উদ্যোগে আই-জেন ২০১৫ আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আরও আছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই। আই-জেনের প্রথম পর্যায় অনুষ্ঠিত হয়েছে সারা দেশের দুই হাজার স্কুলে৷ এতে অংশ নিয়েছে ৮ লাখ ৭০ হাজার শিক্ষার্থী৷