আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, সভায় ছাত্রলীগের হাতাহাতি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার বরিশালে আসছেন। সকাল ১০টায় হেলিকপ্টারযোগে তিনি বরিশালে পৌঁছাবেন। তিনি বরিশালের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একাধিক সমাপ্ত কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গত সোমবার সন্ধ্যায় নগরের অশ্বিনীকুমার হলে ওই ঘটনায় দুজন আহত হন।দলীয় বিভিন্ন সূত্রে জানা যায়, বরিশালে পৌঁছে সকাল সাড়ে ১০টায় বরিশাল আধুনিক নৌবন্দর ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে এখানেই ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মেরিন একাডেমি, পানি শোধনাগার কেন্দ্র (রূপাতলী) ও বঙ্গবন্ধু মিলনায়তন। এ ছাড়া তিনি বেলা সাড়ে ১১টায় নগরের কীর্তনখোলা তীরে নির্মিত মুক্তিযোদ্ধা পার্কের উদ্বোধন করবেন। দুপুর ১২টায় প্রধানমন্ত্রী বরিশাল সার্কিট হাউস সম্মেলনকক্ষে আওয়ামী লীগের নেতা-কর্মী এবং সাড়ে ১২টায় বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আঞ্চলিক উন্নয়নবিষয়ক মতবিনিময় সভা করবেন। বিকেলে নগরের বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় বক্তব্য দেবেন।প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, অশ্বিনীকুমার হলে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় স্লোগান দেওয়া নিয়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়। সমাবেশে অতিথিদের বক্তৃতা চলাকালে স্লোগান দিচ্ছিল ছাত্রলীগের এক পক্ষ। এ সময় অন্য পক্ষের নেতা-কর্মীরাও স্লোগান দিতে শুরু করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। একে অপরকে লক্ষ্য করে চেয়ার ছুড়তে থাকে। পরে জ্যেষ্ঠ নেতারা মঞ্চ থেকে নেমে পরিস্থিতি শান্ত করেন।