আজ বরুড়ার নবগঠিত দুই ইউপির নির্বাচন
আজ সোমবার বরুড়া উপজেলার নবগঠিত শাকপুর ও ভাউকসার ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। উভয় ইউপির ১৮টি ভোটকেন্দ্রের ১৪টিই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। জানা যায়, শাকপুর ইউপির নয়টি ভোটকেন্দ্রের মধ্যে সাতটিই ঝুঁকিপূর্ণ। কেন্দ্রগুলো হচ্ছে: উত্তর শাকপুর প্রাথমিক বিদ্যালয়, শাকপুর আলআমিন মাদ্রাসা, ঝাগুরিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র, ভৌওড়ী প্রাথমিক বিদ্যালয়, মধ্য লক্ষীপুর প্রাথমিক বিদ্যালয়, কাঞ্চনপুর মাদ্রাসা ও বেকী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। এ ইউনিয়নে ১২ হাজার ৯১৬ জন ভোটার রয়েছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, সংরক্ষিত নারী সদস্য পদে সাতজন ও সদস্য পদে ২৯ জন প্রার্থী হয়েছেন। অন্যদিকে ভাউকসার ইউপির শ্রীপুর মডেল একাডেমি, পরানপুর উত্তরপাড়া মক্তব, রাঢ়ী মাদ্রাসা, চোত্তা পুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়, দলুয়া তুলাগাঁও দাখিল মাদ্রাসা, মুগগাঁও উচ্চবিদ্যালয় ও ছোট তুলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ। এ ইউনিয়নে নয় হাজার ৬০০ ভোটার রয়েছেন। চেয়ারম্যান পদে পাঁচজন, সংরক্ষিত নারী সদস্য পদে আটজন ও সদস্য পদে ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হালিম খান বলেন, ‘যোগাযোগব্যবস্থার কারণে পুলিশ ১৮টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪টিকে ঝুঁকিপূর্ণ মনে করছে।’