‘মেঘেরা দল বেঁধে যায় কোনখানে/ও আকাশ বল আমারে...’ আকাশে কি তখন মেঘ ছিল? থাকলেও বোঝার উপায় নেই। লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজের মাঠে গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে যখন হাজার শিল্পী কণ্ঠ মিলিয়েছিলেন অতুল প্রসাদ সেনের এই গানে, আকাশটা তখন ছিল বেশ অন্ধকার। হরতালের মেয়াদ শেষে সন্ধ্যার পর শুরু হয়েছিল তাঁদের মহড়া। কলকাতার সংগীত পরিচালক পুলক সরকার বিদ্যালয়ের শহীদ মিনারের সামনের মঞ্চে দাঁড়িয়ে হাত নেড়ে নির্দেশনা দিয়ে যাচ্ছিলেন সামনে দুই সারিতে দাঁড়ানো হাজার খানেক নানা বয়সী সংগীতশিল্পী ও শিক্ষার্থীকে। এই হাজার শিল্পীর কণ্ঠে গানে নতুন বছরকে বরণের আয়োজন করেছে সংগীত সংগঠন সুরের ধারা ও চ্যানেল আই। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে হবে এ অনুষ্ঠান। গত বছর থেকে সুরের ধারা সহস্রকণ্ঠের গানে বাংলা নববর্ষ উদ্যাপনের এ আয়োজন করে আসছে। এবার অনুষ্ঠান হবে দুই দিন। আজ শনিবার সন্ধ্যা ছয়টা থেকে শুরু হবে বর্ষবিদায়ের অনুষ্ঠান। সুরের ধারার অধ্যক্ষ ও সভাপতি শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা প্রথম আলোকে বলেন ‘নতুন বছরকে আহ্বান জানানোর জন্য একটি মানসিক প্রস্তুতির প্রয়োজন। পুরোনো দিনের সকল গ্লানি, ব্যর্থতা, সন্তাপ ধুয়ে-মুছে নতুন বছরের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হবে। সে জন্য আমরা এই অনুষ্ঠানের নাম রেখেছি “বর্ষশেষ”। ঠিক চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান নয়। এ বছর সুরের ধারা ২০ বছর পূর্ণ করল। বর্ষশেষ অনুষ্ঠানে সুরের ধারার বিগত দিনের উল্লেখযোগ্য কার্যক্রমের অংশবিশেষ নিয়ে একটি অনুষ্ঠান পরিবেশিত হবে। এতে কালমৃগয়া, গীতাঞ্জলির গান, ঋতুরঙ্গ, রবীন্দ্রনাথ ও রবীন্দ্রনাথসহ বিভিন্ন অনুষ্ঠানের অংশবিশেষ থাকবে। এ ছাড়া থাকবে সুরের ধারা সুবিধাবঞ্চিত শিশুদের পরিবেশনা। বিশিষ্ট শিল্পীদের একক গান ও নৃত্য।’ সুরের ধারার শিল্পীরা শোভাযাত্রা করে মঞ্চে আসবেন। এ অনুষ্ঠান চলবে রাত ১২টা পর্যন্ত। চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এর পর থেকে শুরু হবে লোকগানের আসর। এটি চলবে ভোর পর্যন্ত।নববর্ষের সকাল সাড়ে পাঁচটায় অনুষ্ঠান শুরু হবে সেতার ও সরোদের যুগলবন্দী পরিবেশনার মধ্য দিয়ে। বাদনের মধ্যেই মঞ্চে আসবেন নানা বয়সী হাজার শিল্পী। বাদন শেষে পরিবেশিত হবে হাজার কণ্ঠের গান ‘ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর’। সারা দেশ থেকে এই শিল্পীরা অংশ নিচ্ছেন। বন্যা জানালেন, অনুষ্ঠান সাজানো হয়েছে রবীন্দ্রনাথ, নজরুল, ডি এল রায়, অতুল প্রসাদ, শাহ আবদুল করিম, আব্বাসউদ্দীনের গানসহ বিভিন্ন লোকসংগীত দিয়ে। হাজার কণ্ঠের সম্মেলক গানের ফাঁকে ফাঁকে থাকবে বিশিষ্ট শিল্পীদের একক গান, নৃত্য ও আবৃত্তি। বেলা ১২টা পর্যন্ত এ অনুষ্ঠান চলবে।কেমন হলো প্রশিক্ষণ? পুলক সরকার বলেন, ‘গত বছরও হাজার কণ্ঠের গানের প্রশিক্ষণ দিতে এসেছিলাম। বাংলাদেশে বিপুল উৎসাহ-উদ্দীপনায় নববর্ষের উৎসবটি হয়, তা আমাকে যে আনন্দ দেয়, তা প্রকাশের ভাষা নেই। এবার হরতালের জন্য একটু অসুবিধা হয়েছে। সবাই সময়মতো আসতে পারেননি। একটি উৎসবকে কেন্দ্র করে এক সুরে সবাই ঐক্যবদ্ধ হবে, বিশ্বজুড়ে বাঙালিরা এই অনুষ্ঠান দেখবেন, নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য খুঁজে পাবেন, এটা খুবই বড় ব্যাপার।’প্রশিক্ষণ পর্ব তো শেষ। আজ সন্ধ্যায়ই শুরু হবে পরিবেশনা। সেখানে আমন্ত্রণ সবার জন্যই।