আজ বলয়গ্রাস সূর্যগ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুক্রবার বলয়গ্রাস সূর্যগ্রহণ। এই গ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টা পাঁচ মিনিট ২৪ সেকেন্ডে। শেষ হবে বিকেল চারটা সাত মিনিট ৩৬ সেকেন্ডে। এর মধ্যে গ্রহণের কেন্দ্রীয় সময় বেলা ১১টা ১৭ মিনিট ৩৬ সেকেন্ড থেকে দুপুর দুইটা ৫৫ মিনিট ২৪ সেকেন্ড। সর্বোচ্চ গ্রহণ হবে দুপুর একটা ছয় মিনিট ৩০ সেকেন্ডে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, আকাশ পরিষ্কার থাকলে দেশের প্রায় সর্বত্রই পাঁচ থেকে সাত মিনিট ধরে বলয়গ্রাস সূর্যগ্রহণ আংশিক দৃশ্যমান হবে। শুধু সেন্ট মার্টিন দ্বীপ থেকে সর্বোচ্চ আট মিনিট ৪৬ সেকেন্ড পুরো বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। ঢাকায় গ্রহণ শুরু হবে দুপুর ১২টা ৪৪ মিনিট সাত সেকেন্ডে। শেষ হবে বিকেল চারটা ৫৮ সেকেন্ডে। খালি চোখে সরাসরি সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করা নিরাপদ নয়।পূর্ণগ্রাস সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে। তবে বলয়গ্রাসের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না। এ সময় সূর্যের চারদিকে একটি বলয় বা চুড়ির মতো দেখা যায়। তাই একে বলয়গ্রাস সূর্যগ্রহণ বলে। মহাজাগতিক এ ঘটনা পর্যবেক্ষণের জন্য বিভিন্ন বিজ্ঞান সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। বাংলাদেশ থেকে ২০৬৪ সালের ১৭ ফেব্রুয়ারির আগে আর কোনো বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না বলে জানিয়েছে বিজ্ঞান সংগঠন অনুসন্ধিত্সু চক্র। অনুসন্ধিত্সু চক্র দেশের প্রায় ২০টি স্থানে বলয়গ্রাস সূর্যগ্রহণ পর্যবেক্ষণের আয়োজন করেছে। এর মধ্যে তাদের কেন্দ্রীয় পর্যবেক্ষণ ক্যাম্পটি হবে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার প্রাঙ্গণে। এখানে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত পর্যবেক্ষণ চলবে।