ইংলিশ চ্যানেলজয়ী দুই সাঁতারু এবার বাংলা চ্যানেল পাড়ি দেবেন। তাঁদের সঙ্গে থাকবেন প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করা মুসা ইব্রাহীম।আজ শনিবার সকাল ছয়টায় ইংলিশ চ্যানেলজয়ী নেদারল্যান্ডের ভ্যান গুল মিলকো, ইতালির ফেরার টুলি ও বাংলাদেশের মুসা ইব্রাহীম একসঙ্গে সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দেবেন। এর আগেও মুসা সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দেন। টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার দূরত্বের বঙ্গোপসাগরের এ স্রোতধারাটির নাম বাংলা চ্যানেল।এক্সট্রিম বাংলা, প্রফেশনালস সিস্টেমস ও নর্থ আলপাইন ক্লাবের উদ্যোগে দূরপাল্লার আজকের এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।মুসা ইব্রাহীম প্রথম আলোকে বলেন, ‘আগামী বছর থেকে সার্কভুক্ত দেশের সাঁতারুদের অংশগ্রহণে বাংলা চ্যানেল পাড়ি দেওয়া হবে।’মুসা জানান, ২০১৪ সালে তিনি ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার পরিকল্পনা করছেন।আয়োজকেরা জানান, এবারের সাঁতার প্রতিযোগিতা থেকে সংগৃহীত অর্থ শিশুদের সাঁতার শেখানোর প্রতিষ্ঠান সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চকে দেওয়া হবে।