আজ বাংলাভিশন ও চ্যানেল আইয়ে 'অধিনায়ক ও নায়কেরা'

প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নির্মিত বিশেষ তথ্যচিত্র ‘অধিনায়ক ও নায়কেরা’ আজ বুধবার বাংলাভিশন ও চ্যানেল আইয়ে প্রচারিত হবে।
এই বিশেষ তথ্যচিত্রটি বাংলাভিশনে প্রচারিত হবে আজ দুপুর ১২টা ৩০ মিনিটে ও বিকেল ৪টা ৪৫ মিনিটে। আর চ্যানেল আইয়ে এটি প্রচারিত হবে আজ সন্ধ্যা ছয়টায়।
তথ্যচিত্রটিতে চারজন অদম্য সাহসী তরুণের গল্প তুলে ধরা হয়েছে। প্রেরণার এই গল্পগুলো উপস্থাপন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (টি-টোয়েন্টি ও ওয়ানডে) অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
এতে ঢাকার সদরঘাটের আবদুল্লাহর জীবনযুদ্ধের গল্প যেমন আছে, আছে হার না-মানা মেয়ে ঝালকাঠির শারমিন আক্তারের সাহসী পদক্ষেপের কথাও। অন্যদিকে চট্টগ্রামের সাইফুলের মানবিকতার দৃষ্টান্ত আমাদের মনে করিয়ে দেয় মানুষের জন্য ভালোবাসার কথা। আর সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের জন্য প্রথম স্বর্ণপদক এনে দেওয়া মাবিয়া আক্তার আমাদের আত্মপ্রত্যয়ী হতে শেখায়।
দুর্দান্ত এই চার তরুণের এমন দারুণ গল্প, সেই সঙ্গে মাশরাফির উৎসাহ-এ নিয়েই তথ্যচিত্র ‘অধিনায়ক ও নায়কেরা’।
আনিসুল হকের পরিকল্পনায় তথ্যচিত্রটি নির্মাণ করেছেন রেদওয়ান রনি ও নিয়ামুল মুক্তা।