আজ বিএনপির বিক্ষোভ কাল ও পরশু হরতাল
নেতা-কর্মীদের ‘গণগ্রেপ্তার’ ও ‘নিপীড়নের’ প্রতিবাদে আজ রোববার সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। গতকাল শনিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন। এ ছাড়া বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের পূর্বঘোষিত আগামীকাল ও পরশু (১৮ ও ১৯ মার্চ) হরতাল কর্মসূচি বহাল থাকবে বলেও তিনি জানিয়েছেন।মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার ‘গণহত্যার’ পর বিরোধীদলীয় নেতা-কর্মীদের ‘গণগ্রেপ্তার’ শুরু করেছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যেভাবে তাণ্ডব চালিয়েছে, একইভাবে ইউনিয়ন পর্যায়েও নেতাদের গ্রেপ্তার করছে। এটাকে ‘অশনিসংকেত’ বলে দাবি করে তিনি বলেন, পাকিস্তানি শাসকগোষ্ঠী বিরোধী দলকে যেভাবে দমন করত, এখন সে আলামতই দেখা যাচ্ছে। মির্জা ফখরুল বলেন, শেখ মুজিবুর রহমানকেও বারবার গ্রেপ্তার করা হয়েছিল, দমন-পীড়ন করা হয়েছিল। কিন্তু সাধারণ মানুষ তাঁর সঙ্গে ছিল। এখন খালেদা জিয়ার নেতৃত্বেও সাধারণ মানুষ জেগে উঠেছে। সরকারের পদত্যাগ ছাড়া এখন কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তিনি যে ভাষায় কথা বলছেন, তা গণতন্ত্রের ভাষা নয়। এ ভাষায় স্বৈরাচারী-ফ্যাসিবাদীরা কথা বলে। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত সংলাপের ব্যাপারে সরকারের কাছ থেকে বিএনপি কোনো প্রস্তাব পায়নি। হামলা চালাচ্ছে আ.লীগ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, নিজেদের পক্ষে বলার মতো সরকারের এখন আর কিছু নেই। তাই এখন জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালানো হচ্ছে। তাঁর দাবি, আওয়ামী লীগের নেতারা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছেন। আর বিএনপির নেতা-কর্মীরা রাত জেগে পাহারা দিচ্ছেন। গতকাল সকালে জাতীয় সংসদ ভবনের প্রবেশমুখে এক মানববন্ধনে মওদুদ আহমদ এ দাবি করেন। তিনি অভিযোগ করেন, দেশে এখন গণতন্ত্রের নামে তাণ্ডবতন্ত্র চলছে। পুলিশের সন্ত্রাসী বাহিনী দিয়ে সরকার এ তাণ্ডব চালাচ্ছে।বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকসহ বিএনপির গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির সাংসদেরা এ মানববন্ধন করেন।