আজ বিক্ষোভের ডাক দিয়েছেন তোবার পোশাককর্মীরা

তিন মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে তোবা গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকেরা আজ শনিবার সকালে বিক্ষোভ-সমাবেশ করবেন। ঈদের আগের দিন থেকে এসব কারখানার দেড় হাজারের বেশি শ্রমিক বেতন-ভাতার দাবিতে অনশন করে আসছেন।
শ্রমিকনেতারা বলেন, শ্রমিকেরা পেটের তাগিদে ঈদের মধ্যে অনশন পালন করলেও সরকার ও মালিকপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। এ কারণে বিক্ষোভ কর্মসূচি ডাকতে বাধ্য হয়েছেন তাঁরা। গত বৃহস্পতিবার বাংলাদেশ তৈরি পোশাকশিল্প মালিক সমিতি (বিজিএমইএ) সাত দিনের মধ্যে আংশিক বেতন-ভাতা পরিশোধের যে আশ্বাস দিয়েছে তাও প্রত্যাখ্যান করেছেন তাঁরা।
রাজধানীর মধ্যবাড্ডায় হোসেন মার্কেট ভবনে অবস্থিত কারখানায় শ্রমিকদের সঙ্গে গত সোমবার থেকে অনশন করছেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু। গতকাল শুক্রবার সকালে তিনিই এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় মোশরেফা মিশু বলেন, ‘আমরা “তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি” গঠন করেছি। এ কমিটি শ্রমিকদের অধিকার আদায়ে আশুলিয়া, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ সারা দেশে সমাবেশ করবে।’ তিনি বলেন, শ্রমিকেরা পাঁচ দিন ধরে অনশন করছেন। আর বিজিএমইএ আরও সাত দিন সময় লাগবে বলে পরিহাস করছে। বিজিএমইএর নেতারা তোবার মালিক দেলোয়ারকে জামিনে মুক্ত করতেন তৎপরতা চালাচ্ছেন। অথচ শ্রমিকদের দিকে তাকাচ্ছেন না।
তোবার শ্রমিক শামীমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘বিজিএমইএর এসব আশ্বাসে আমরা বিশ্বাস করি না। এর আগেও তারা বারবার আশ্বাস দিয়েছে। কিন্তু আমরা বেতন পাইনি। এখন আরও সাত দিনের কথা বলা হচ্ছে। তাহলে কি আমরা না খেয়ে মরব? মরলে কি সরকার ও বিজিএমইএর নেতারা আসবেন?’
অনশনরত শ্রমিকদের মধ্যে গতকাল পর্যন্ত ৮৬ জন অসুস্থ হয়ে পড়েছেন। কারখানার ভেতরে অনশনরত অন্য শ্রমিকদের সঙ্গে মোশরেফা মিশুকেও স্যালাইন দিয়ে রাখা হয়েছে। হোসেন মার্কেট ভবনে তিনটি তলায় রয়েছে তোবা টেক্সটাইল, তায়েব ডিজাইন ও মিতা ডিজাইন। আর পাশের ফুজি ভবনে আছে বুকশান ও তোবা ফ্যাশনস।
গতকাল দুপুরের পর হোসেন মার্কেট ভবনের কারখানায় গিয়ে দেখা যায়, অনশনরত শ্রমিকদের পাশে বিষণ্ন মুখে আরও অনেক শ্রমিক বসে আছেন। তাঁদের সবারই একটি প্রশ্ন, কবে বেতন পাবেন?
কারখানার মান পরিদর্শক (কোয়ালিটি ইন্সপেক্টর) হিসেবে পাঁচ বছর ধরে কাজ করেন মিরাজ। তিনি জানান, মে মাস থেকে বেতন-ভাতা বন্ধ। অথচ তাঁরা বিজিএমইএর আশ্বাসে ঈদের আগ পর্যন্ত কাজ করেছেন।
গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম ছাড়াও সিপিবি, বাসদ, গণতান্ত্রিক বাম মোর্চাসহ ১১টি প্রগতিশীল সংগঠনের নেতারা সংবাদ সম্মেলনে তোবার শ্রমিক-কর্মচারীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।
দেলোয়ারকে মুক্ত করতেই শ্রমিক জিম্মি: তাজরীন ফ্যাশনসের শ্রমিক মৃত্যুর মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনকে মুক্ত করতেই তোবা গার্মেন্টসের শ্রমিকদের জিম্মি করা হয়েছে। গতকাল বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সমাবেশে বক্তারা এ অভিযোগ করেন।
তোবা গার্মেন্টসের এক হাজার ৬০০ শ্রমিকের তিন মাসের বকেয়া বেতন-বোনাস আদায়ের দাবিতে চলমান অনশন ও শ্রমিক আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে এ সমাবেশ করা হয়। এতে অংশ নেন লেখক, শিল্পী, সংস্কৃতিকর্মী, শিক্ষক, পেশাজীবী ও রাজনৈতিক কর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, বিজিএমইএ ও শ্রম প্রতিমন্ত্রী বলছেন, দেলোয়ার মুক্ত হয়েই বেতন পরিশোধ করবেন। কিন্তু একটি হত্যা মামলার আসামিকে কীভাবে অন্য একটি কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধের নামে মুক্ত করা যায়।
সমাবেশে বক্তব্য দেন গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। আরও বক্তব্য দেন জোনায়েদ সাকি, শুভ্রাংশু চক্রবর্তী, জ্যোতির্ময় বড়ুয়া প্রমুখ।