আজ বিক্ষোভ মিছিল করবে ধর্মভিত্তিক দল ও সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল্লাহ, পবিত্র কোরআন ও হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তিকারী কথিত ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তির দাবিতে আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীসহ সারা দেশের মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল করবে ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ফটক থেকে মিছিল বের করা হবে বলে ধর্মভিত্তিক কয়েকটি দলের নেতারা জানান। ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ খেলাফত মজলিস আলাদা সংবাদ সম্মেলন ও সমাবেশ করে আজকের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে।গতকাল এক যৌথ বিবৃতিতে কয়েকজন বিশিষ্ট আলেম জুমার নামাজের পর সব মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করার আহ্বান জানিয়েছেন। এর মধ্যে আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান মুফতি আহমদ শফী, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মুহিউদ্দীন খান, ইসলামী ও সমমনা ১২ দলের যুগ্ম আহ্বায়ক শাহ আহমদুল্লাহ আশরাফ, খেলাফত মজলিসের আমির মোহাম্মাদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, ইসলামী ঐক্যজোটের আরেক অংশের চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী প্রমুখ। চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ও তাহফিজে হারামাইন পরিষদের সভাপতি সাদেক আহমদ সিদ্দিকী পৃথক বিবৃতিতে জুমার খুতবায় এ বিষয়ে সচেতনতামূলক আলোচনা করতে সব মসজিদের ইমাম-খতিবের প্রতি আহ্বান জানিয়েছেন। জামায়াতে ইসলামী এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এক বিবৃতিতে বলেছে, কর্মসূচি সফল করে দেশবাসী ‘নাস্তিক, মুরতাদ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের’ দাঁতভাঙা জবাব দেবে। বিবৃতিতে ইসলামপন্থীদের ১২টি ব্লগ ও ফেসবুক পেজ বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানানো হয়।শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে দাবি করা হয়েছে, মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিকে কলঙ্কিত করতে ব্লগসহ ইন্টারনেটে তাঁদের কারও কারও নামে ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে, যা আসলে তাঁরা বলেননি।