আজ বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট আইনজ্ঞ ও মানবাধিকার আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্যের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ৩ নভেম্বর। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের এলেঙ্গায় বিচারপতি দেবেশ ভট্টাচার্য ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী ছাত্রছাত্রীদের মধ্যে পদক এবং দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে। রাজনৈতিক আন্দোলনে জড়িত থাকার কারণে তৎকালীন পাকিস্তান সরকার দেবেশ চন্দ্র ভট্টাচার্যকে কারাগারে (১৯৪৯-৫০ সাল) নিক্ষেপ করেছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের জানুয়ারি মাসে নবগঠিত হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। ১৯৭৫ সালের জুন মাসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি নিযুক্ত হন। ১৯৭৭ সালের ডিসেম্বরে অবসর নেন।বিচারপতি দেবেশ ভট্টাচার্য আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জীবনের শ্রেষ্ঠ সময় ব্যয় করেছেন। তিনি বহুবিধ সামাজিক ও নাগরিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। একাত্তরের মুক্তিযুদ্ধকালের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত গণ-আদালতের তিনি ছিলেন অন্যতম বিচারক। নিজ গ্রামে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। আইন পেশা ও মানবাধিকার আন্দোলনের পাশাপাশি নিয়মিত কাব্যচর্চাও করতেন তিনি। বিজ্ঞপ্তি।